অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ০০:১৫ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ০০:১৯ এএম
আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার মাঠে গড়াবে নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসর; যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসন্ন আসর সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছয় দলের এই টুর্নামেন্ট দুই গ্রুপে তিনটি করে দল খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তানের সঙ্গে থাকছে নেপাল। গ্রুপ পর্বে ১৬ ডিসেম্বর লঙ্কানদের বিপক্ষে ও ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে জুনিয়র টাইগ্রেসরা।
দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে। সুপার ফোর হবে রাউন্ড রবিন ফরম্যাটে। এখানে দলগুলো তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের পয়েন্ট তালিকার ওপরে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২২ ডিসেম্বর। কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভালে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোঁয়া, মোসাম্মৎ ইভা, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আকতার, ফারজানা ইয়াসমিন, আনিসা আকতার সোবা, সুমাইয়া আকতার সুবর্ণা, নিশিতা আকতার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আকতার ও মাহারুন নিসা।