প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২০:২৮ পিএম
তামিম ইকবাল
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বাইশ গজে ফিরেছেন তামিম ইকবাল। ফেরার ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ডবইয়ে নাম লেখালেন। দ্বিতীয় ম্যাচে সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে ৩৩ বলে খেললেন ৬৫ রানের ঝোড়ো ইনিংস। দলের জয়ে গুরত্বপূর্ণ অবদান রেখে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
গতকাল সিলেট একাডেমি গ্রাউন্ডে
বসে তামিমের খেলা দেখেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পরে গণমাধ্যমের
মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস ট্রফি এবং জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে তিনি বলেন, ‘জাতীয়
দলে ফেরার জন্য ওকে (তামিম) সিদ্ধান্তটা নিতে হবে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার যেকোনো
দলের জন্য কিন্তু অনেক উপকৃত হবে। সেই হিসেবে মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেস আরও
দেখতে হবে। তারপর আমি মনে করি যেভাবে যাচ্ছে, আর কয়েকটা ম্যাচ খেলতে পারলে আরও ফিটনেসের
উন্নতি হবে। তারপর ও সিদ্ধান্ত নিতে পারবে।’
স্বীকার করে নিতে হবে সিলেটের
বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম। নান্নুকে প্রশ্ন করা হয় দেশসেরা ওপেনারের
ব্যাটিং নিয়ে। জবাবে তিনি বলেন, ‘তামিম যেভাবে ব্যাটিং করেছে, দেখে মনে হয়নি সাত মাস
পর ক্রিকেটে ফিরেছে। যেহেতু ফিটনেস ভালো আছে, ওকে সিদ্ধান্ত নিতে হবে ফিরবে কি না।
এখানে প্রতিটা শর্ট এনজয় করেছি, আগের তামিমকেই মনে হয়েছে। ও পুরো প্রস্তুতি নিয়েই
এখানে খেলছে।’ অভিজ্ঞতার মূল্যায়ন প্রশ্নে নান্নু বললেন, ‘ক্রিকেটে অভিজ্ঞতার মূল্যায়ন
সব সময় করা হয়। এটা থাকবে, অভিজ্ঞতার সঙ্গে তো কিছু কমপেয়ার করা যায় না।’
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি
সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। গত পরশু রংপুরের বিপক্ষে
আউট হয়েছিলেন ১৩ রান করে। আর গতকাল ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন। বাংলাদেশের
প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার।
৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে
স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক
টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা
সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে
আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩
ফিফটি। তাদের মধ্যে তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে
এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।