প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২০:১৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ২২:০৬ পিএম
সেন্ট কিটসে বাংলাদেশ যখন হোয়াইটওয়াশ হওয়ার বিপক্ষে লড়ছিল তার আগেই দারুণ এক রেকর্ড করে বসেন ফিল সিমন্স। টাইগারদের হেড কোচ যে রেকর্ড গড়েছেন, তা আছে শুধু আর তিনজনের। সিমন্সের আগেই তারা কোচ হিসেবে ৪০০ ম্যাচ পরিচালনা করেছেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই অনন্য মাইলফলক ছুঁয়েছেন সিমন্স।
ক্যারিবীয় কিংবদন্তির আগে ডানকান ফ্লেচার (৪৪৯), মিকি আর্থার (৪৩০) এবং ডেভ হোয়াটমোর (৪১২) এই কীর্তি গড়েছেন। বিশ্বের চতুর্থ কোচ হিসেবে চারশর ক্লাবে পা রেখেছেন সিমন্স।
গতকাল বাংলাদেশের ডাগআউটে বসে রেকর্ড গড়ার আগে ক্রিকইনফোকে সিমন্স বলেছিলেন, ‘ক্রিকেটীয় দিক থেকে দেখলে, সংখ্যা নিয়ে ভাবার মানুষ নই আমি। ৪০০ ম্যাচের মাইলফলক বিস্ময়ের। যখন কোচিং শুরু করি, এমন কিছু মাথায় ছিল না। তবে এই মাইলফলকে পা রাখতে পারা অবশ্যই দারুণ।’
সিমন্সের কোচিংয়েই ২০১৬ সালে তার দেশ ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ২০ বছর যাবৎ কোচিং করিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা।