প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১৯:১৩ পিএম
সাঁতারু যুথী আক্তার ও সামিউল ইসলাম রাফি। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশী সাঁতারুদের নিজের টাইমিংয়ের উন্নতিই থাকত মূল লক্ষ্য। সেই দৃষ্টিকোণ থেকে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠেয় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য বেশ সুখকরই। বৃহস্পতিবার আবারও নতুন রেকর্ড গড়েছেন এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা দুই সাতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার।
দুই দিন আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রায় চার সেকেন্ড টাইমিং কমিয়েছিলেন রাফি। যা বিশেষ ঘটনাই বাংলাদেশের প্রেক্ষাপটে। বৃহস্পতিবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে কমিয়েছেন ১.৭ সেকেন্ড। এই ইভেন্টে তার ২৬.৭৯ সেকেন্ড টাইমিং ছিল জাতীয় রেকর্ড। এদিন হাঙ্গেরির বুদাপেস্টে করেছেন ২৫.০৯ সেকেন্ড।
রাফির মতো আজ জাতীয় রেকর্ড অতিক্রম করেছেন আরেক সাঁতারু জুথী। নারীদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে এবার জাতীয় সাঁতারে ৩২.৭৪ টাইমিংয়ে রেকর্ড করেছিলেন। বৃহস্পতিবার বুদাপেস্টে যুথীর টাইমিং ছিল ৩১.৯৪ সেকেন্ড। দুজনই বিশ্বচ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টে নিজেদের ব্যক্তিগত ও জাতীয় রেকর্ডের চেয়ে সময় কমিয়েছেন। এটা সুখবর হলেও বিশ্ব মানদণ্ডে অবশ্য অনেক পিছিয়ে তারা। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮ জনের মধ্যে যুথীর অবস্থান ৫০তম আর রাফি ৫৫ জনের মধ্যে ৪৮তম। তারপরও নিজের পারফরম্যান্সে খুশি যুথী। হাঙ্গেরী থেকে মুঠোফোনে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ‘টাইমিং কমাতে পেরেছি। এখানে আসার আগে প্রত্যাশা যা ছিল তার কিছুটা হলেও পুরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আরেকটু ভালোর আশা করছিলাম। কোচও আমার পারফরম্যান্সে খুশি’
এর মধ্যে খানিকটা আশার আলো রাফির ইভেন্টে দক্ষিণ এশিয়ান প্রতিযোগী ভারতীয় সাঁতারু মাত্র দুই ধাপ এগিয়ে ৪৬ আর যুথির ইভেন্টে শ্রীলঙ্কান সাঁতারু এক ধাপ উপরে ৪৯ তম। দীর্ঘমেয়াদী অনুশীলন ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই দুই জনের এই দুই ইভেন্টে সাফে স্বর্ণ-রৌপ্য পদক অর্জন সম্ভব। যদিও বিশ্ব ক্রীড়াঙ্গনের মানদণ্ডে সাফের পদক তেমন কোনো পর্যায়ে পড়ে না।