লঙ্কান টি-টেন লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:২৬ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ পিএম
দলকে জেতালেন সাকিব আল হাসান (বাঁয়ে)
দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারছেন না। তাই বলে হাত গুটিয়ে বসে নেই। নিজেকে ফিট রাখতে সাকিব আল হাসান এখন ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বাংলাদেশের সাবেক এ অধিনায়ক শ্রীলঙ্কার টি-টেন লিগে গতকাল বুধবার প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন। বিস্ফোরক ব্যাটিংয়ে গল মারভেলসকে উপহার দিয়েছেন দারুণ এক জয়।
নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ১০০ রান করে সাকিবদের প্রতিপক্ষ ক্যান্ডি বোল্টস। তার মধ্যে ২৫ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমাল। তাদের দলের অন্য কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।
এক ওভার বল করে কোনো উইকেট পাননি সাকিব। উইকেট ফেলতে না পারলেও রান খরচে যথেষ্ট মিতব্যয়ী ছিলেন। সাকিব দেন মাত্র ৭ রান। তবে গলের জার্সি গায়ে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নেন পেসার বিনুরা ফার্নান্দো।
জবাবে গলের টপ-অর্ডাররা ভালো ব্যাটিং করেছেন। তবে জয়ের জন্য ফিনিশিংয়ে ঝোড়ো ব্যাটিং দরকার হয়ে পড়ে। ক্যামিও ইনিংস খেলে দলের জন্য সেই কাজটি করে দিয়েছেন সাকিব। মাত্র ৮ বল খেলে এক চার ও দুই ছক্কায় ২০ রান যোগ করেন দলীয় স্কোরে। তার আগে গলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪১ রান এনে দেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। অ্যালেক্স হেলস ৯ বলে ২৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে রাখেন অবদান।
আবুধাবির টি-টেন লিগে খেলে সাকিব চলে গেছেন শ্রীলঙ্কায়। যদিও এখন বাংলাদেশ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে সফরে জায়গা হয়নি সাকিবের। জাতীয় দলের হয়ে সর্বশেষ ভারতের মাটিতে দুটি টেস্ট খেলেছেন তারকা এ অলরাউন্ডার। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশে আসতে পারছেন না সাকিব। লাল-সবুজের জার্সিতে খেলতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটে!