প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৪০ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১১:০১ এএম
সর্বশেষ দু-তিন মৌসুমে যে দলটি মাঠে নামা মানেই ছিল দারুণ কিছু। জয় তুলে নেওয়া ছিল নিত্যদিনের ঘটনা। সে দলটিই কি না এবার নিজেদের হারিয়ে খুঁজছে। রাহুর দশা কোনোভাবেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। প্রতিরোধ গড়েও পরাজয় এড়াতে পারল না জুভেন্টাসের বিপক্ষে।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলায় ম্যানসিটিকে আতিথেয়তা দেয় জুভেন্টাস। খেলায় জুভেন্টাস ২-০ গোলে হারায় পেপ গার্দিওলার দলকে।
গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দলকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। এরপর ৭৫ মিনিটে লিড দ্বিগুণ করেন ম্যাককেইনি। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ম্যানসিটি। জুভেন্টাসকে মোকাবিলা করার আগের সর্বশেষ পাঁচ ম্যাচে ম্যানসিটি জিতেছে কেবল একটিতে। অধরা জয়টা ইতালিতে গিয়েও পেল না সাবেক চ্যাম্পিয়নরা।
এ হারে পয়েন্ট টেবিলে আরও অবনতি হলো পেপ গার্দিওয়ালার ম্যানসিটির। ৮ পয়েন্ট দিয়ে তারা নেমে গেছে তালিকার ২২-এ। আর ঘরে মাঠের দারুণ জয়ে এ তালিকার ১৪-তে উঠে এলো জুভেন্টাস। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা আরেকটু জোরাল করল ইতালিয়ান ক্লাবটি।
৩৬ মিনিটে প্রথম এবং ৩ মিনিট পর লক্ষ্যে প্রথম শট নিতে পারে ম্যানসিটি। বক্সে ঢুকে আর্লিং হলান্ডের শট এগিয়ে এসে হাত বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের প্রথম ৫ মিনিটে দুই দলের একটি করে প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৫৩ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস।
প্রথমে ফেদেরিকো গাট্টির ওভারহেড কিক রুখে দেন গোলরক্ষক। এরপর বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেড করেন ভ্লাহোভিচ, বল এডারসনের বুকে লেগে গোললাইনে ড্রপ খেয়ে ভেতরে ঢোকে। ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে বল ফেরান ব্রাজিলিয়ান গোলরক্ষক, কিন্তু ততক্ষণে রেফারি বাজিয়ে দেন গোলের বাঁশি।
পিছিয়ে পড়ার পর আক্রমণে একটু জোর দেয় সিটি। ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে ইলকাই গুন্ডোয়ামের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিও।
৭৫ মিনিটে ম্যাককেনির চমৎকার গোলে সিটির ঘুরে দাঁড়ানোর আশা ফিকে হয়ে যায়। ডান দিকের বাইলাইন থেকে সতীর্থের ক্রস পেনাল্টি স্পটের কাছে পেয়ে দুর্দান্ত ভঙ্গিতে নেওয়া ভলিতে ঠিকানা খুঁজে নেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার।
বাকি সময়ে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারে সিটি, রিকো লুইসের সে প্রচেষ্টা রুখে দিতে যদিও তেমন বেগ পেতে হয়নি দি গ্রেগোরিওকে।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সিটিজেনদের এ হারে চ্যাম্পিয়ন্স লিগের পরের ধাপে ওঠার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচের মাত্র একটিতে জয়ী দলটি ঘরোয়া ফুটবলেও ভালো অবস্থায় নেই।