প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম
সতীর্থ ব্রুককে বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড় বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন জো রুট। এবার শীর্ষেই উঠে বসেছেন ব্রুক— সংগৃহীত ছবি
হ্যারি ব্রুক যা ধরছেন, তাতেই যেন সোনা ফলে যাচ্ছে। ব্যাট হাতে বাইশ গজে নামলেই রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটার। পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। আইসিসির র্যাংকিংয়ে ব্রুকই এখন সাদা পোশাকের এক নম্বর।
বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে টেস্টে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করে বসেছেন ব্রুক।
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানের জয় এনে দেন ব্রুক। ম্যাচ শেষে সেদিন সতীর্থ ব্রুককে বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড় বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন জো রুট।
সেই রুটের শীর্ষস্থান কেড়ে নিয়েই ব্রুক বসেছেন র্যাংকিংয়ের চূড়ায়। তাও মাত্র ১ পয়েন্টের ব্যবধানে। ব্রুকের পয়েন্ট এখন ৮৯৮, রুটের ৮৯৭।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ৯১ রানের ইনিংস খেলে ২১ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন জাকের আলী। এ ছাড়া সাদমান ইসলাম ২৩ ধাপ এগিয়ে আছেন ৭৪ নম্বরে। টেস্ট বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রীত বুমরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ২১ নম্বরে তাইজুল ইসলাম।