প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৩ পিএম
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা
অনেক দিন ধরেই কোচিং পেশায় আছেন। পেপ গার্দিওলা বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ হয়ে এখন ম্যানচেস্টার সিটিতে আছেন। ক্লাব কোচিংয়ের পর্বটা ইতিহাদেই যতি টেনে দিতে চান স্প্যানিশ এ ফুটবল গুরু।
ক্লাব কোচিংয়ের ব্যস্ততা, মানসিক চাপ কিংবা দুশ্চিন্তা আর নিতে পারছেন না। ডুবে থাকতে চান একটু আয়েশি জীবনযাপনে। তাই বলে চাকরি এখনই ছাড়ছেন না। তবে সিটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে আর ক্লাবে কোচিংয়ে ফিরবেন না। নিজের ভবিষ্যৎ এমন পরিকল্পনা জানিয়ে দিলেন গার্দিওলা।
বয়স বেড়েছে। প্রাণশক্তি ঠিক আগের মতো নেই। নিকট ভবিষ্যতে থাকবে না আরও। এ কারণেই ক্লাব থেকে দূরে সরে যাবেন। ভবিষ্যতে কোনো জাতীয় দলের কোচ হতে হওয়ার ইচ্ছা রয়েছে গার্দিওলার।
৫৩ বছরের গার্দিওলা গত নভেম্বরে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। দুবছর মেয়াদ বাড়ায় ২০২৬ পর্যন্ত সিটিতেই থাকছেন গার্দিওলা। ২০১৬ সালে প্রিমিয়ার লিগের এ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেন বার্সার সাবেক এ কোচ।
নিজের কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তারকা শেফ দানি গার্সিয়ার সঙ্গে কথা বলেছেন সিটিকে ১৫টি ট্রফি উপহার দেওয়া গার্দিওলা। ইউটিউবে প্রচারিত সেই সাক্ষাৎকারে গার্দিওলা জানান, সিটি অধ্যায় শেষে প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবে যাবেন না, অন্য কোনো দেশের ভিন্ন কোনো ক্লাবের ডাগআউটেও দেখা যাবে না তাকে।
কোনো ধরনের ক্লাব কোচিংয়ে না থাকা নিয়ে গার্দিওলা বলেন, ‘আমি আর কোনো দলে দায়িত্ব নেব না। দূর ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলছি না, তবে এতটুকু বলি, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে এখন যা করছি, সেটি করব না।’
ক্লাব কোচিং ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যা দিয়ে গার্দিওলা বলেন, ‘ওই প্রাণশক্তি তো থাকবে না। অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করা, আবারও অনুশীলনের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া- না, না, না। হয়তো কোনো জাতীয় দলে, তবে সেটি ভিন্ন ব্যাপার।’
অবসরে জীবনে গলফ খেলে উপভোগ করতে চান সিটিকে টানা চারবার প্রিমিয়ার লিগ এনে দিয়ে রেকর্ড গড়া এ কোচ, ‘আমি এই অধ্যায়টাকে পেছনে ফেলে যেতে চাই, এরপর খেলতে চাই গলফ। আমার মনে হয় ছুটি নিলে আমার ভালোই হবে।’
গার্দিওলা জাতীয় দলের কোচ হিসেবে ভবিষ্যতে কাজ করতে চান। এ খবরে ইংল্যান্ড ও ব্রাজিল নিশ্চিত উঠেপড়ে লাগবে তাকে পাবার আশায়। কেননা এর আগে এই দুদলই আগ্রহ দেখিয়েছিল গার্দিওলাকে নিয়ে।
২৬ অক্টোবর সাউদাম্পটনের বিপক্ষে জয়ের পর থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সিটি। সে থেকে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে ক্লাবটি। ঘরের মাঠে নটিংহাম ফরেস্টকে হারানোর পর এ সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ফের হোঁচট খেয়েছে সিটি। ক্লাবের কঠিন কঠিন সময়ের কথা মনে করিয়েও দেন গার্দিওলা, ‘শেষ সাত-আট ম্যাচে আমাদের যে ফল, তাতে একাধিক জয় পাওয়া নিয়ে কথা বলার অবস্থায় নেই আমরা। আগে এই (জুভেন্টাস) ম্যাচটি তো জিততে হবে, এরপর পরের ম্যাচ কী হতে পারে, তা নিয়ে ভাবব।’
গার্দিওলার চিন্তা এখন কেবল দলের মনোবল ফিরিয়ে আনা যায়। মনোবল থাকলে কী করা সম্ভব, এ নিয়ে বলতে গিয়ে মেসি-রোনালদোর উদাহরণও টানেন গার্দিওলা, ‘আত্মবিশ্বাস থাকলে অনেক কাজই সহজ হয়ে যায়। লাখ লাখ পাস দিয়েও আপনি আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। আমি ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির মতো কিছু করে দেখাতে বলব না। ওদের তুলনা নেই। তারা (সিটির খেলোয়াড়) শুধু নিজেদের কাজটাই ভালোভাবে করুক।’