প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২৩:১৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৩ এএম
সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে নেমেছিল বাংলাদেশের উইকেট মিছিল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারীদের শুরুটা যে খুব খারাপ ছিল, তা কিন্তু নয়। মঙ্গলবার শাই হোপের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামা লাল-সবুজ দলের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২৬ রানে। এরপর দলীয় ১১৫ রানে পড়ে আরও ছয়টি। তবে ত্রাণকর্তা হিসেবে দলকে টেনে তুলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৬২ রানে ইনিংসে ক্যারিবিয়ানদের ২২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তানজিদ হাসান একপ্রান্ত আগলে সপাটে ব্যাট চালালেও সৌম্য সরকার মোকাবিলা করতে পেরেছেন কেবল ৫ বল। জেডেন সিলসের বলে ক্যাচ তুলে সাজঘর মুখো হয়েছেন তিনি। সৌম্যর দেখানো পথে হাঁটেন লিটন দাস। রীতিমতো টেস্ট (১৯ বলে ৪ রান) খেলে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাকিরা এলেন আর গেলেন। অধিনায়ক মেহেদী হাসান স্কোরবোর্ডে লেখাতে পারেন মাত্র একরান। তবে কিছুটা প্রচেষ্টা চালিয়ে গেছেন আফিফ হোসাইন। ২৯ বলে ২৪ রান করে আউট হয়েছেন এই স্পিন অলরাউন্ডার। জাকের আলী (৩) ও রিশাদ হোসাইন (০) ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে দলকে বিপদমুক্ত করার কাজ করে গেছেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ অলরাউন্ডারকে সঙ্গ দিয়েছেন এবং নিজের ব্যাটিং সত্তা উপস্থাপনের সুযোগ কাজে লাগিয়েছেন পেসার তানজিম হাসান। দুজনের ৯২ রানের জুটি সফরকারীদের মান বাঁচানো ২২৭ রানের পুঁজি এনে দিয়েছে।