টি-টোয়েন্টি সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
রিপন মণ্ডল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের শেষ টি-টোয়েন্টি সিরিজের
দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিসিবির ঘোষিত দলের অধিনায়ক উইকেটকিপার
ব্যাটার লিটন দাস। আর নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। জাতীয়
লিগ ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদান পেলেন ২১ বর্ষী এই
পেসার। গত বছর এশিয়ান গেমসে এই সংস্করণে তিনটি ম্যাচ খেলেছিলেন রিপন। তবে বাংলাদেশের
মূল জাতীয় দলে এবারই প্রথম ডাক মিলল তার।
দুবাইয়ে আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়ার পর ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে টি-টোয়েন্টি সিরিজে তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শান্তকে ছাড়াই
স্কোয়াড় ঘোষণা করে বিসিবি। তারকা ব্যাটারের অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজের নেতৃত্ব
দিয়েছে মেহেদী হাসান মিরাজ। তবে কুড়ি কুড়ির সিরিজে লিটনের ওপর ভরসা রেখেছে বিসিবি।
স্কোয়াডে বড় চমক শামীম হোসেন পাটোয়ারী। তরুণ হার্ডহিটার
সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। দীর্ঘদিন পর তাকে ফেরানো হয়েছে
দলে। এ ছাড়াও জায়গা পেয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন দাস (অধিনায়ক), সৌম্য
সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের
আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন
আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মণ্ডল।