প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:১১ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪১ পিএম
প্রথম ওয়ানডেতে তিনশো ছোঁয়া বড় সংগ্রহ করেও জিততে পারেনি বাংলাদেশ। তাই তিন ম্যাচের সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কয়েন ভাগ্য পাশে পেলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তিনি শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম। অন্যদিকে, এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে উইন্ডিজ পেসার মারকুইনো মিন্ডলের।
প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা। এই ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেইন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ : ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেইসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মতি, মারকুইনো মিন্ডলে, জেডেন সিলস।