প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় শেষ হওয়ার পর এখন ওয়ানডে সিরিজে মুখোমুখি দুই দল। এরপরই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত এই ফরম্যাটে আসন্ন সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেসার রিপন মন্ডল।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষে দ্বিতীয় ওয়ানডে আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ১২ ডিসেম্বর হবে সিরিজের শেষ তথা তৃতীয় ওয়ানডে। এরপর সেন্ট ভিনসেন্টে আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেতে যাচ্ছেন ২১ বর্ষী পেস অলরাউন্ডার রিপন। ২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রিপন মন্ডল। সেবার ভালো পারফর্ম করায় এরপর থেকেই রয়েছেন বিসিবির রাডারে।
সবশেষ ঘোষিত বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলেও জায়গা হয় রিপনের। এরপর এইচপির অস্ট্রেলিয়া সফরের দলেও ছিলেন তরুণ এই অলরাউন্ডার। সেখানেই বল হাতে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। এদিকে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন শামীম পাটোয়ারীও। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।