× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেড কাপে মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জের চমক

সহজ জয় আবাহনীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮ পিএম

ফেড কাপে মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জের চমক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০জন নিয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশ কাপেও একই পরিস্থিতির মুখোমুখি হলো সাদা-কালোরা। কিন্তু এবার ভাগ্য সহায় হয়নি। আক্রমণ কিংবা বল পজেশনে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয়েছে মোহামেডানকে। গোল হজমের পর ১০ জনের মোহামেডানের বিপক্ষে লিড ধরে রেখেই মাঠ ছাড়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ। ৮২ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন রাজন হাওলাদার। 

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ১৩ মিনিটে রহমতগঞ্জ শিবিরে আতঙ্ক ছড়ায় মোহামেডান। কিন্তু গোলরক্ষক মামুন আলিফের দৃঢ়তায় আর দূর্ভাগ্যের বাধায় গোল পায়নি তারা। রাজু আহমেদ জিসানের ক্রসে আর্নেস্ট বোয়াটিংয়ের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন গোলরক্ষক। এরপর কর্নার কিকে বোয়াটেংয়ের হেড ফিরে আসে ক্রসবারে লেগে। একটু পর এমানুয়েল সানডের ক্রসে বোয়াটিংয়ের হেডও আটকে জাল অক্ষত রাখেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন।

প্রথমার্ধের শেষ দিকে চোট পান রহমতগঞ্জের ফেলিক্স তেত্তেহ। ৪৪ মিনিটে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন ঘানার এই ফরোয়ার্ড। গোলশূন্য বিরতে যায় দুিই দল। দ্বিতীয়ার্ধে গোলের প্রথম ভালো সুযোগ পায় রহমতগঞ্জ। ৫০ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও হতাশ করেন স্যামুয়েল বোয়াটিং। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি তিনি।

৬৯ মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন মোহামেডানের মোজাফ্ফর মোজাফ্ফরভ। কিন্তু ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায় উজবেকিস্তানের এই মিডফিল্ডারের প্রচেষ্টা।খেলার ধারার বিপরীতে ৮২ মিনিটে জয়সূচক গোলটি করে রহমতগঞ্জ। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা রাজন প্রথমে সতীর্থকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, জায়গা করে নিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন। ওই গোলের একটু পরই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। মোস্তফা কাহরাবার কথার পাল্টা জবাব দিতে গিয়ে তাকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন শান্ত। বাকিটা সময় মোহামেডান আর পারেনি ঘুরে দাঁড়াতে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের দিনের অপর ম্যাচে বড় জয় দিয়ে ফেড কাপ শুরু করেছে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে তাদের জয়টি এসেছে ৩-০ ব্যবধানে। শাহরিয়ার ইমন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইব্রাহিম। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান ইয়াসিন খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা