প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:০২ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৩ পিএম
নিগার সুলতানা জ্যোতি
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দল হয়েছে হোয়াইটওয়াশ। একদিনের সিরিজে হেসে-খেলেই জেতে বাংলাদেশ নারী টিম। তবে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াতেই দিশেহারা হয়ে পড়েছে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির দল। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের কংকালসারই বের করে এনেছে আইরিশ নারীরা। সোমবার সিলেটে শেষ ম্যাচেও সান্ত্বনার জয়টাও খুঁজে পায়নি টাইগ্রেসরা। বাজে হারে উল্টো এবার নিজেরাই হোয়াইটওয়াশের শিকার হয়ে যারপরনাই হতাশ বাংলাদেশ কাপ্তান জ্যোতি।
নিজেদের ঘাটতি নিয়ে ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘ইনিংস কিভাবে লম্বা করতে হয় বা কোন সময়টাতে আমাদের বিল্ড করতে হয়, কোন সময়টাতে রোটেশনের দিকে মনোযোগ দিতে হয় এখন পর্যন্ত বোধহয় সেগুলো মানিয়ে নিতে পারছি না। বলব যে এটা আমাদের অনেক বড় ভুল, সমাধান করা উচিত। কারণ সামনে যখন আমরা আরও ভালো দলের বিপক্ষে খেলব তারা কিন্তু আমাদের এর থেকে বেশি এবং বড় বড় চ্যালেঞ্জ দেবে।’
ব্যাটিংয়ে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে অধিনায়ক জ্যোতি বলেন, ‘দেখুন, এসব ক্রিকেট ম্যাচগুলোতে স্কিলের থেকে আপনার নলেজ (গেম অ্যাওয়ারনেস) ব্যবহার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোন পরিস্থিতিতে আমি নিজেকে কিভাবে অ্যাপ্লাই করব। প্রথম ম্যাচটা বলব আমাদের হাতেই ছিল। ১৭৯ রান তাড়া করতে যাচ্ছিলাম যেখানে আমাদের ওপেনাররা দারুণ একটা শুরু এনে দিয়েছিল। এরকম রান তাড়ায় ১৯তম ওভারে যদি আপনি মেইডেন দেন তাহলে কাজটা কঠিন।’
চাপ সামলানোর ব্যাপারে নিজেদের দুর্বলতা নিয়ে জ্যোতির ভাষ্য, ‘বোলিং করেছি কিন্তু আমরা ব্যাটাররা কিছু করতে পারিনি। সবমিলিয়ে এসব মুহূর্তে দলের চাপ সামলাতে না পারা বড় সমস্যা।’
নিজের ব্যর্থতা অকপটে স্বীকার করলেন জ্যোতি, ‘আমি পুরো টুর্নামেন্টে কোন রান করতে পারিনি। আমি বলব আমার দিক থেকে আমি ব্যর্থ। একজন টপ অর্ডার ব্যাটার হিসেবে সবাই আমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। কিন্তু আমি কোনটাতেই অবদান রাখতে পারিনি। যেটার কারণে দল হয়ত অনেকখানি পিছিয়ে গেছে।’