প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৩:১৯ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৩:২২ পিএম
লিওনেল মেসি ও তার সতীর্থ লুইস সুয়ারেজ
লিওনেল মেসি পাড়ি জমাতেই আমূল বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। শুধু মাঠের খেলাতেই নয়, মাঠের বাইরেও মেসির উপস্থিতি বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ। হু হু করে বাড়তে থাকে যুক্তরাষ্ট্রে পিছিয়ে থাকা ফুটবলের জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের ক্রীড়াজগতে রাজ করে চলেছে এখন ফুটবল।
মেসি পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের ‘সকার’ আর্জেন্টাইন মহাতারকার প্রভাবে হয়ে উঠেছে মহাপ্রভাবশালী ফুটবল। শুধু যুক্তরাষ্ট্রের মাটিতেই নয়, বহির্বিশ্বেও চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে মার্কিন ফুটবল। গত মৌসুমে বিশ্বব্যাপী লিগগুলোতে দর্শক উপস্থিতির সংখ্যাই দিচ্ছে তার প্রমাণ।
গত মৌসুমে দর্শক উপস্থিতির দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় সেরা হয়েছে মেজর লিগ সকারে (এমএলএস)। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র জানিয়েছে, গত মৌসুমে ইংলিশ লিগে দর্শক উপস্থিতি ছিল ১ কোটি ৪৬ লাখ। ইংলিশ ক্লাবগুলোর যে দর্শক ধারণক্ষমতা তাতে এই সংখ্যা আরও বাড়তে পারত। তারপরও শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে তারা।
প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় স্থানে রয়েছে এমএলএস। গত মৌসুমে মেসিদের লিগে খেলা দেখেছে ১ কোটি ২১ লাখ দর্শক। মেসি-লুইস সুয়ারেজ-সার্জিও বুসকেটসদের জন্যই দর্শক উপস্থিতিতে রীতিমতো ঢল নেমেছে যুক্তরাষ্ট্রে।
তালিকার তিনে রয়েছে জার্মান লিগ বুন্দেসলিগা। এ লিগে খেলা দেখেছে ১ কোটি ২০ লাখ দর্শক। এর পরের অবস্থান ইতালিয়ান লিগ সিরি ‘এ’ ও স্প্যানিশ লিগ লা লিগার। এই দুই লিগে দর্শক উপস্থিতি ছিল যথাক্রমে ১ কোটি ১৬ লাখ ও ১ কোটি ৭ লাখ।
গত মৌসুমে ব্রাজিলিয়ান লিগ সেরি 'এ'র দর্শক ১ কোটি ২ লাখ, ফরাসি লিগ ওয়ানের ৮০ লাখ ৪০ হাজার ও মেক্সিকোর লিগা এমএক্সের ছিল ৬০ লাখ ৯০ হাজার।