× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

খেলোয়াড়দের নিয়ে চিন্তিত আর্তেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০২ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে ফুলহ্যামের বিপক্ষে হোঁচট মানতে পারছেন না আর্সেনাল বস— সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে ফুলহ্যামের বিপক্ষে হোঁচট মানতে পারছেন না আর্সেনাল বস— সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু হয়ে গেছে শীর্ষ ছোঁয়ার ইদুর দৌড়। আর্সেনালের হোঁচট খাওয়ার ‍সুযোগ নিয়েছে চেলসি। ম্যানচেস্টার সিটিও আছে শীর্ষ চারে। লিগ টেবিলের টপে ‍নিজেদের থিতু করতে ব্যস্ত লিভারপুল। অলরেডরা এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট ঝুলিতে পুরেছে। দুইয়ে থাকা চেলসির (৩১) থেকে সিটিজেনদের ব্যবধান ক্লিয়ার তিন। চ্যাম্পিয়ন্স লিগ বিরতি শেষ অবধি আর্নে স্লটের শিষ্যরাই থাকবেন সবার ওপরে।

তবে লিগ টেবিলের শীর্ষ চার কিংবা শীর্ষ ছোঁয়ার দৌড় জমে উঠেছে। রবিবার ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে টটেনহ্যামকে হারিয়েছে দ্য ব্লুজরা। হটস্পার্সদের ৪-৩ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে এসেছে ব্লুজরা। দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের মাঠে ড্র করে তিনে নেমেছে আর্সেনাল। চেলসির বিপক্ষে ম্যাচের শুরুতে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দারুণ কিছুরই আভাস দিয়েছিল হটস্পার।

ব্লুজরা উড়ছে, লিগ টেবিলের দুইয়ে উঠে বসেছে চেলসি— সংগৃহীত ছবি

এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নেয় চেলসি। দলের হয়ে জোড়া গোল করেন কোল পালমার। ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়ে চেলসি। পঞ্চম মিনিটে ডোমিনিক সালাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান। ১৭তম মিনিটে একটি গোল শোধ করেন স্যানচো। প্রথমার্ধে আর কোনও গোল না হলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক থেকে চেলসিকে সমতায় ফেরান পালমার। ৭৩তম মিনিটে পালমারের অবদানেই এগিয়ে যায় চেলসি। গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ১০ মিনিট পর আরেকটি পেনাল্টি পেয়ে দলকে আরও এগিয়ে দেন পালমার। ২০২৪ সালে প্রিমিয়ার লিগে মোট ৩৮টি গোলে সরাসরি অবদান রাখলেন পালমার (২৫ গোল ও ১৩ অ্যাসিস্ট)।

দিনের আরেক ম্যাচে ফুল্যহ্যামের মাঠে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। রাউল হিমেনেসের গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনালকে সমতায় ফেরান উইলিয়াম সালিবা। লিগে টানা তিন জয়ের পর ফের পয়েন্ট হারাল গানার্সরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে প্রতিপক্ষ মোনাকোর মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা মিকেল আর্তেতার শিষ্যদের।

স্ট্রাইকারদের নিয়ে মাথাব্যথা আর্তেতার— সংগৃহীত ছবি

দলের খেলায় খুশি হতে পারেননি আর্সেনাল বস, ‘অনেক সহজ সুযোগ নষ্ট করেছি। ফুটবলাররা এই ত্রুটি যদি কাটিয়ে না উঠতে পারে, তা হলে সঙ্কট বাড়তে পারে। তবে কৃতিত্ব দিতে হবে ফুলহ্যামকে। ওরা পেনাল্টি বক্সের সামনে আমাদের সমস্ত আক্রমণ থামিয়ে দিয়েছে। এই বিষয়ে আরও সচেতন থাকতে হবে স্ট্রাইকারদের। প্রতিপক্ষ কখনও গোল করার জায়গা দেবে না। সেটা মাথায় রাখতে হবে। মোনাকো ম্যাচের আগে এটাই মাথাব্যথার কারণ।’

লিগে টানা চতুর্থ জয়ে ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে চেলসি। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল। চেলসির সমান ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। তাদের সমান ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিটি। ষষ্ঠ হারের পর ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা