× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান কাপ বাছাই

গ্রুপে ভারতকে পেয়ে রোমাঞ্চিত কাবরেরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১০ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭ পিএম

গ্রুপে ভারতকে পেয়ে রোমাঞ্চিত কাবরেরা। ছবি : বাফুফে

গ্রুপে ভারতকে পেয়ে রোমাঞ্চিত কাবরেরা। ছবি : বাফুফে

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে অন্য তিন দল ভারত, হংকং ও সিঙ্গাপুর। এশিয়া কাপ বাছাইয়ে ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ২৪টি দল। প্রতি গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে একে অপরকে মোকাবিলা করবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে একই গ্রুপে ভারতকে পেয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে মূলত ২৮ নভেম্বর ফিফা র‌্যাংকিং অনুযায়ী। এই সময়ের মধ্যে প্রকাশিত র‌্যাংকিং ধরে ২৪ দল চারটি পটে বিভক্ত ছিল। প্রতিটি পটে ছিল ছয়টি দল। বাংলাদেশ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় চার নম্বর পটে ছিল। যে কারণে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমরা পট-৩ এ থাকলে আরও সহজ প্রতিপক্ষ পেতে পারতাম। তবে আমি মনে করি এই গ্রুপও দারুণ হয়েছে। গ্রুপে সিঙ্গাপুর রয়েছে। তারা র‌্যাংকিংয়ে সকলের চেয়ে এগিয়ে। দলটি আক্রমণে বেশ শক্তিশালী। নিশ্চিতভাবে, আমাদেরও সম্ভাবনা রয়েছে এবং তাদের সঙ্গে লড়াই করার শক্তি আমাদের রয়েছে।’

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে। এদিকে গ্রুপে ভারত পরায় অনেকেই বেশ খুশি। ফুটবলে তারা শক্তিশালী হলেও বাংলাদেশ তাদের বিপক্ষে বরাবরই শক্ত প্রতিপক্ষ। ভারতকে এবারও হারাতে পারবে বলে বিশ্বাস কোচ কাবরেরা, ‘খুব রোমাঞ্চকর একটি গ্রুপ হয়েছে, চ্যালেঞ্জিংও। তবে আমি মনে করি গ্রুপটি আকর্ষনীয়। ভারতের বিপক্ষে আমাদের খেলার সুযোগ আছে। মনে হয় দলের খেলোয়াড় থেকে শুরু করে সকলেই তাদের বিপক্ষে খেলার জন্য দীর্ঘ সময় ধরে উন্মুখ হয়ে আছে।’

১৯৮০ সালে একবারই এশিয়া কাপ ফুটবলে খেলেছে বাংলাদেশ। এরপর আর কখনো বাছাইপর্ব পার হতে পারেনি। এশিয়ান কাপে এখন এই অঞ্চলের শীর্ষ ২৪ দেশ অংশ নেয়। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ধাপ একসঙ্গে অনুষ্ঠিত হয়। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া ১৮ দল সরাসরি এশিয়া কাপে খেলবে। বাকি ছয়টি দল আসবে এই ২৪ দলের বাছাই থেকে।

এই ছয় দলের মধ্যে থাকা সম্ভব বলে মনে করেন কোচ কাবরেরা। আর সেজন্য কী করতে হবে সেটিও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ, ‘এই মুহূর্তে বাংলাদেশ দল অন্য অনেক দলের চেয়ে শক্তিশালী। ভারত, সিঙ্গাপুর, হংকং সকলের সঙ্গেই লড়াই করার সক্ষমতা আমাদের আছে। বিশ্বাস করি- এই গ্রুপের প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে পয়েন্ট পেতে পারে। আমাদের সুযোগ থাকবে। চেষ্টা করবো পয়েন্ট না খোয়াতে। বুদ্ধি খাটিয়ে এগিয়ে যেতে হবে। ঘরের মাঠে আমরা খুব শক্তিশালী। নির্ভর করতে হতে হবে আমাদের হোম ম্যাচে। হোম ম্যাচে এর আগেও আমরা দারুণ কিছু করেছি। বিশেষকরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও আমরা ভালো করেছি। সেকারণে আমরা ঘরের মাঠে ম্যাচগুলোতে জয় পেতে টার্গেট করতে পারি।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ সূচি 
২৫ মার্চ : ভারত-বাংলাদেশ
১০ জুন: বাংলাদেশ-সিঙ্গাপুর
৯ অক্টোবর: বাংলাদেশ-হংকং
১৪ অক্টোবর: হংকং-বাংলাদেশ
১৮ নভেম্বর: বাংলাদেশ-ভারত
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা