প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
এভাবেও ম্যাচ হারা যায়! শেষ ওভারে আয়ারল্যান্ডের মেয়েদের জয়ের জন্য দরকার ১৫ রান। বাংলাদেশের বোলিং প্রান্তে এলেন অভিজ্ঞ স্বর্ণা আক্তার। টাইগ্রেস লেগ স্পিনারের প্রথম দুই বলে মাত্র ৩ রান হওয়ায় জয়ের আশাটাও বাড়ছিল। কিন্তু পরের তিন বলে টানা বাউন্ডারি হাকিয়ে আইরিশদের রুদ্ধশ্বাস জয় এনে দিলেন অভিজ্ঞ লরা ডেলানি। এতে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ধবধোলাইয়ের মুখে পড়ল নিগার সুলতানা জ্যোতির দল।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে টস হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আইরিশরা। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে জ্যোতিদের একই লজ্জায় ডোবাল সফরকারীরা।
এ নিয়ে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল জ্যোতির দল। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই হলো এ বছর।
আগের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোয় নিয়মরক্ষার এ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ৩৩ রান তোলেন দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। তবে ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ১২ রান করে প্রেন্ডারগাস্টের বলে আউট হন মুরশিদা।
ওয়ান ডাউনে নামা শারমিনকে নিয়ে দারুণ জুটি গড়েন সোবহানা। মাত্র ৫৮ বলে ৭১ রান যোগ করে এই জুটি। ফলে বড় স্কোরের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৪ চারে ৩৪ রান করে ম্যাগুয়েরের শিকারে পরিণত হন টপঅর্ডার এই ব্যাটার। এরপর সোবহানা মোস্তারিও আর বেশিক্ষণ টেকেননি। টাইগ্রেস এই ওপেনারকেও ফেরান ম্যাগুয়ের। ৪৩ বলে ৬ চারে ৪৫ রান করেন তিনি।
তবে বাকিরা কেউই আর সেভাবে জুটি গড়তে পারেনি বাংলাদেশ। উল্টো মুড়িমুড়কির মতো উইকেট হারিয়েছে কেবল। শেষ ২৮ বলে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান তুলতে পেরেছিল টাইগ্রেসরা। স্বর্ণা ৬ বলে ৪, অধিনায়ক নিগার সুলতানা ১৬ বলে ৮ ও নাহিদা ১ রান করে আউট হন। প্রেন্ডারগাস্ট ২২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ম্যাগুয়ের ২ উইকেট শিকার করেন।