বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৫০ পিএম
ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্তই করেছিলেন বাংলাদেশের মেয়েরা। মুর্শিদা খাতুন ফিরলেও সোবহানা মোস্তারি ও শারমিন সুপ্তার ব্যাটে চড়ে ১৪ ওভারেই দলীয় শতরান পার করে ফেলেছিল। কিন্তু এ দুই ব্যাটারের বিদায়ের পরই যেন খেই হারিয়ে ফেললেন টাইগ্রেসরা। তাতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে আয়ারল্যান্ডের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। আগের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোয় নিয়মরক্ষার এ ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে।
এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো পায়। ৪ ওভারে ৩৩ রান তোলেন দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। তবে ১২ রান করে মুর্শিদা ওরলা প্রেনডারগাস্টের বলে আউট হন। মোস্তারি অবশ্য ফিফটির কাছ থেকে ফেরেন। এ ব্যাটার ৪৩ বলে ৬ চারে ৪৫ করে অ্যামি ম্যাগুইরের শিকার হন। এ ছাড়া শারমিন আখতার ৩৩ বলে ৩৪ করেন। তবে বাকিরা কেউই আর ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে প্রেনডারগাস্ট একাই ৪টি উইকেট দখল করেন।