× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাচ হারলেও ব্যাটিংয়ে সন্তুষ্ট মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১০:৪৭ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪ ১১:১৫ এএম

ম্যাচ হারলেও ব্যাটিংয়ে সন্তুষ্ট মিরাজ

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে প্রথম টেস্টে হেরে গিয়েছিল বাংলাদেশ দল। তবে জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরান টাইগাররা। লাল বলের ক্রিকেটে পাওয়া সেই আত্মবিশ্বাস টাইগাররা টেনে আনতে পারলেন না সাদা বলে। দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদি হাসান মিরাজের দল।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাব দিতে নেমে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।

বাংলাদেশের ইনিনংসে সর্বোচ্চ ৭৪ রান আসে মিরাজের ব্যাট থেকে। এ ছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৬০, মাহমুদউল্লাহ রিয়াদ ৫০* ও জাকের আলি অনিক ৪৮ রান করেন। কিন্তু শেরফানে রাদারফোর্ডের ১১৩, অধিনায়ক শাই হোপের ৮৬ ও জাস্টিন গ্রেভসের অপরাজিত ৪১ রানে ভর করে অনায়াসে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

ম্যাচ হারলেও নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’

বোলিংয়ে মাঝের ওভারগুলোয় উইকেট না পাওয়াই হারের কারণ হিসেবে মনে করছেন মিরাজ, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচ এখনও দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।’

এ ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান এ অলরাউন্ডার। মিরাজ বলেছেন, ‘আমরা অনেক কিছু থেকেই শিখব। আমরা কিছু ভুলও করেছি। পরের ম্যাচে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হব। এখনও দুটি ম্যাচ বাকি, তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা