প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৪:১৮ পিএম
ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ চোটজর্জর এক দল নিয়ে গিয়েছে বাংলাদেশ। দলে নিয়মিত একাদশে খেলা বেশ কিছু ক্রিকেটার নেই এই সিরিজে। এত প্রতিকূলতার মাঝেও টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ভারপ্রাপ্ত অধিনায়কত্ব পাওয়া মিরাজ এবার ওয়ানডে সিরিজটাও স্মরণীয় করে রাখতে চান।
সেন্ট কিটসে আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হন মিরাজ। সংবাদ সম্মেলনের শুরুতেই এই অলরাউন্ডার বলেন, ‘আসলে দেখেন (আমি অধিনায়ক হিসেবে) চেষ্টা করতে পারি। পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেকটা প্লেয়ারের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। একজন অধিনায়ক হিসেবে আমার চেষ্টা থাকবে প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করা, বুস্ট আপ করা। প্লেয়ারদের কীভাবে পারফর্ম করানো যায়, সেইভাবে কথা বলা। নিজেও দিন শেষে পারফর্ম করা। যে জিনিসটা থাকবে চেষ্টা করব সবাইকে পজিটিভলি চিন্তা করানোর জন্য কীভাবে ভালো করা যায়।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ১১ ওয়ানডে সিরিজের ৬টিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ টানা ৪ সিরিজই নিজেদের করে নিয়েছে টাইগাররা। ২০১৪ সালে ক্যারিবীয়দের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল দল। ২০১৮ ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জেতা বাংলাদেশের সামনে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ। অতীতে ক্যারিবিয়ানে দলের ভালো রেকর্ড প্রসঙ্গে মিরাজ জানান, ‘আলহামদুলিল্লাহ। ওয়েস্ট ইন্ডিজে আমরা যখন ওয়ানডে সিরিজ খেলতে এসেছি বেশিরভাগ ম্যাচ জিতেছি। সিরিজগুলা জিতেছি। শেষ যখন ২০২২ সালে এসেছিলাম ওয়ানডে সিরিজ জিতেছিলাম। ২০১৮ সালে এই মাঠেই শেষ ম্যাচ খেলে জিতেছিলাম। ৩০০+ রান করে সিরিজ জিতেছিলাম। ওভারল আমি অবশ্যই দলের ভেতর চ্যালেঞ্জিং, কারণ অনেক প্লেয়ার নেই। যারা আছে তাদের জন্য সুযোগ পাবে, আশা করি তারা যেন ভালো করতে পারেন এবং স্মরণীয় করে রাখতে পারেন।’
এজন্য দলের সবাইকে দায়িত্ব নেওয়ার কথাও জানান মিরাজ, ‘লাস্ট সিরিজে তো আমি ওপরেই ব্যাটিং করেছি। ৪ নম্বরে ব্যাট করেছি। আফগানিস্তান সিরিজে। এই সিরিজে ওপরেই ব্যাটিং করা লাগবে। আমাদের দায়িত্ব অনেক বেশি। যারা অনেক দিন ধরে খেলছি। আমি আছি, লিটন দাস আছে, সৌম্য সরকার আছে, রিয়াদ ভাই আছে। বোলিংয়ে তাসকিন আছে, তানজিম সাকিব আছে খুব ভালো বোলিং করছে। সবাইকেই দায়িত্ব নিতে হবে। ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারকেই ভালো খেলতে হয়। ১-২ জনের পারফরম্যান্স দিয়ে ম্যাচ জিততে পারবেন না।’
একাদশ প্রসঙ্গে মিরাজ জানান, ‘একাদশে অনেক সুযোগ থাকবে তরুণদের জন্য পারফর্ম করার। এ রকম স্টেইজে এসে নিজেদের মেলে ধরা অনেক গুরুত্বপূর্ণ।’
প্রতিপক্ষ দলের প্রধান কোচ ড্যারেন স্যামির ব্যাপারে মিরাজ বলেন, ‘অনেক দিন পর স্যামির সঙ্গে দেখা হয়েছে। প্রায় ৭-৮ বছর পরে। আমরা এক দলে খেলেছিলাম রাজশাহী কিংসে অই সুবাদে অনেক দিন পর ভালো একটা কথাবার্তা হয়েছে।’