প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১ এএম
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা একে একে পাড়ি জমাচ্ছেন পরলোকে। সপ্তাহ তিনেক আগে অধিনায়ক জাকারিয়া পিন্টু দুনিয়া ত্যাগ করেছেন। এবার চলে গেলেন আরেক সদস্য ফজলে সাদাইন খোকন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নানা শারীরিক জটিলতায় স্বাধীন বাংলা ফুটবল দলের এই খেলোয়াড় ১১ নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন।
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় আশরাফ আলী খোকনের মৃত্যু সম্পর্কে বলেন, ‘বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল খোকন। সে রাজশাহীতে থাকত। তার স্ত্রী জানালো ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিল, এখন মরদেহ রাজশাহীতে নিয়ে যাচ্ছে।’
দেশ স্বাধীন হওয়ার পর খোকন ফুটবল খেললেও জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর ফুটবলের সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না। ফুটবলার খোকন সম্পর্কে আশরাফ আলী বলেন, ‘সে মিডফিল্ডার। মূলত স্বাধীন বাংলার ফুটবলার। ইপিডিসেতে খেলেছে। খেলা ছাড়ার পর রাজশাহীতেই ছিল।’
খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খোকন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়েছিল ৩৫ জন খেলোয়াড় নিয়ে। রাজশাহী থেকে এই দলের একমাত্র সদস্য ছিলেন ফজলে স্বাধীন খোকন।