× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রফির সঙ্গে রংপুর রাইডার্স পেয়েছে সাড়ে ৬ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩:১৯ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩:২৩ পিএম

ট্রফি নিয়ে উদ্বেলিত রংপুর রাইডার্সের খেলোয়াড়রা

ট্রফি নিয়ে উদ্বেলিত রংপুর রাইডার্সের খেলোয়াড়রা

গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতে ৫ লাখ ডলার ঝুলিতে পুরেছে রংপুর। বাংলাদেশি মুদ্রায় যার অর্থমূল্য প্রায় ৬ কোটি টাকা। এ ছাড়া লিগপর্বে জয়ের জন্য এসেছে ৫০ হাজার ডলার, যা প্রায় ৬০ লাখ টাকা। সব মিলিয়ে এবারের আসরে রাইডার্সরা পেয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা। 

অথচ খেলার কথাই ছিল না রংপুর রাইডার্সের। ফরচুন বরিশাল মুখ ঘুরিয়ে নেওয়ায় আসে সুযোগ। গ্লোবাল সুপার লিগের শুরুতে টানা হারে দ্রুত ছিটকে যাওয়ার শঙ্কাও জাগে। সেই শঙ্কা উড়িয়ে প্রথম আসরেই বাজিমাত করেছে রাইডার্সরা। আজ শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা উদযাপনে মেতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৭ সালে বিপিএলের শিরোপা ঘরে তোলা রাইডার্সদের এটিই প্রথম বিদেশি শিরোপা।

ক্যারিবিয়ান মুলুকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ ৩ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। কুড়ি কুড়ির আসরে লক্ষ্য তাড়ায় খেই হারিয়ে বসে ভিক্টোরিয়া। ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা দল। দারুণ ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে নুরুল হাসান সোহানের দলের আসে ৫৬ রানের জয়।

ক্যারিবিয়ান মুলুকে শিরোপা জয়ে টুর্নামেন্টজুড়ে দারুণ অবদান ছিল সৌম্য সরকারের। ফাইনালেও জ্বলে ওঠেন তিনি। ৫৪ বলে খেলেন ৮৬ রানের ইনিংস। পাঁচ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইক রেট নিয়ে সৌম্য টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮৮ রান করেছেন। হয়েছেন সিরিজসেরা। শিরোপা নির্ধারণের দিনেও সৌম্য ছিলেন আক্রমণাত্মক। পাওয়ার প্লেতে ৪০ রান তোলা দল পরে রান তোলার গতি বাড়ায়। রাইডার্সদের দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলরের উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করে ফেরেন টেলর। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসেন (১০) দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর।

সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭টি চার ও ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার সাজান তার ইনিংস। বড় রানের লক্ষ্যে শুরু থেকেই খেই হারান ভিক্টোরিয়ার ব্যাটাররা। হারমিত সিং নেন ৩টি উইকেট। রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন, সাইফ হাসান ও মাহেদি হাসান। ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া। রানার্সআপ দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জো ক্লার্ক। বাকিদের আসা-যাওয়ার দিনে শিরোপাও খোয়ায় ভিক্টোরিয়া।

বিদেশি লিগ তথা বৈশ্বিক লিগের শিরোপা জয় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করার কথা জানান নুরুল হাসান। রাইডার্সদের অধিনায়ক বলেন, ‘আমাদের দেশে জুলাই-আগস্টে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছেন। এই জয় তাদের উৎসর্গ করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা