প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩:০৯ পিএম
চ্যাম্পিয়ন দলের শিরোপা নিয়ে উল্লাস
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পাবনায় শহীদ মাহাবুব হাসান নিলয়ের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ শহীদ মাহাবুব হাসান নিলয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং রানার্সআপ হয়েছে গণিত বিভাগ। আজ শনিবার ইইই বিভাগ ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। অনুষ্ঠানে নিলয়ের বাবা-মা ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য ফাইনাল হন ইইই বিভাগের শাহজাহান বাদশা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইইই বিভাগের আবু আইয়ুন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বক্তব্যের প্রথমেই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সন্তানের লাশ পিতার কাঁধে বহন করা অত্যন্ত কষ্টের। আন্দোলনের মূল দর্শনকে ধারণ এবং আমাদের নিজ নিজ জায়গা হতে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যেকোনো বিষয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যাতে আমাদের সুনাম নষ্ট হয়। তিনি শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমের প্রতি জোর দিতে বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনার আরেক শহীদ জাহিদুল ইসলামের নামে শিগগিরই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে উপাচার্য অবহিত করেন। নিলয়ের বাবা-মা এবং খেলা কমিটির সঙ্গে জড়িতসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিলয়ের বাবা আবুল কালাম আজাদ তার ছেলেসহ সকল শহীদের হত্যার বিচার চান। বিচার না হলে এই আন্দোলনের কোনো গুরুত্ব থাকবেনা। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, জাতিকে এই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
২৩ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় শহীদ মাহাবুব হাসান নিলয়ের বাবা-মা’র উপস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল খেলার মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। এ সময় খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলামের উপস্থাপনায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট শহীদ হন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বেতেপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ১৩ বছরের ছেলে মাহবুব হাসান নিলয়।