অ্যাডিলেইড টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২০:০৯ পিএম
ট্রাভিস হেডের সেঞ্চুরি উদযাপন
ঘরের মাঠে খেলার সুযোগ পাওয়াটাই তো দারুণ এক প্রাপ্তি। আর চেনা সেই দর্শকদের সামনে যদি ঝলক দেখানো যায়। তাহলে তো কথাই নেই। অসম্ভব একটা ভালোলাগা কাজ করে যে কোনো খেলোয়াড়ের মধ্যে। সেই স্বর্গীয় সুখই অনুভব করলেন ট্রাভিস হেড। অ্যাডিলেইডে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক ইনিংস খেললেন বাঁহাতি এ ব্যাটার। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে সেঞ্চুরি ছিনিয়ে নিয়ে দাঁড় করান অস্ট্রেলিয়ার দেড়শ ছাড়ানো লিড। পরে স্বাগতিক পেসারদের দারুণ বোলিংয়ে সফরকারী ভারতকে চাপে ফেলেছে অজিরা।
বোর্ডার-গাভাস্কার ট্রফির দিবা-রাত্রির টেস্টে আজ শনিবার অস্ট্রেলিয়া প্রথম ইনিংস সংগ্রহ করেছে ৩৩৭ রান। ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া পেয়েছিল ১৫৭ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ অস্বস্তিতেই পড়েছে ভারত। প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্কের ঝড়ে ৫ উইকেটে কোনোমতো ১২৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অতিথিরা। ভারত এখন ২৯ রানে পিছিয়ে। অস্ট্রেলিয়ার জার্সিতে দুটি করে উইকেট পান কামিন্স ও বোল্যান্ড। প্রথম ইনিংসে ৬ উইকেটের শিকারী স্টার্ক পেয়েছেন মাত্র একটি।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপের হাল ধরা হেড উপহার দেন ১৪০ রানের দাপুটে এক ইনিংস। নিজের ১৪১ বলের অসাধারণ ইনিংসটি তারকা এ ব্যাটার সাজান তিনি ৪ ছক্কা ও ১৭ চারে। ক্রিকেটের এলিট সংস্করণে এটি তার অষ্টম শতক। আর ঘরের মাঠ অ্যাডিলেইড ওভালে পেলেন তৃতীয় সেঞ্চুরির দেখা। হেডের ক্যারিয়ার সেরা ১৭৫ রানের চমৎকার ইনিংসটিও এসেছে এই মাঠে- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আর গোলাপি বলের টেস্টে এনিয়ে তৃতীয়বার জাদুকরী তিন অঙ্ক ছুঁলেন হেড। ডে-নাইট টেস্টে তার চেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডের মালিক শুধু মার্নাস লাবুশেন। তার নামের পাশে রয়েছে চারটি সেঞ্চুরি। এ ম্যাচে দ্যুতি ছড়িয়ে ৯ বাউন্ডারিতে দলীয় স্কোরে ৬৪ রান যোগ করেছেন অস্ট্রেলিয়ার এ টপ-অর্ডার ব্যাটার।
অন্যদিকে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গেছে ভারত। ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। এমন বিপদের সময়ে দলকে খাদের কিনারা থেকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন ঋষভ পন্ত ও নীতিশ কুমার রেড্ডি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৫ বলে ৫ বাউন্ডারিতে ২৮ রান নিয়ে এখনো ক্রিজে টিকে রয়েছেন পন্ত। নীতিশ তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ১৪ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান তোলে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ১৮০ ও দ্বিতীয় ইনিংস: ১২৮/৫, ২৪ ওভার (জয়সওয়াল ২৫, রাহুল ৭, গিল ২৮, কোহলি ১১, পন্ত ২৮*, রোহিত ৬, নীতিশ ১৫*; স্টার্ক ১/৪৯, কামিন্স ২/৩৩ ও বোল্যান্ড ২/৩৯)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩৭, ৮৭.৩ ওভার (আগের দিন ৮৬/১) (ম্যাকসুয়েনি ৩৯, লাবুশেন ৬৪, স্মিথ ২, হেড ১৪০, মার্শ ৯, কেরি ১৫, কামিন্স ১২, স্টার্ক ১৮, লায়ন ৪*, বোল্যান্ড ০; বুমরাহ ৪/৬১ ও সিরাজ ৪/৯৮)
* দ্বিতীয় দিন