প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১৯ পিএম
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও শিখতে চান নাহিদ, তবে অবশ্যই নিজেকে ফিট রেখে— সংগৃহীত ছবি
অভিষেকের পর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন নাহিদ রানা। স্বপ্ন বুনছেন গতির রাজত্বে। সাদা পোশাকের পর ওয়ানডেতেও শুনিয়েছেন আগমনী বার্তা। ক্যারিবিয়ান সফরেও আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি, গতির ভেলকি দেখিয়ে বনেছেন টক অব দ্য ক্রিকেটে। নাহিদকে তাই কাছে ডেকে টোটকাও দিয়েছেন কেউ কেউ। সেই তালিকায় আছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তরুণ পেসারকে নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখতে বলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশ।
গতকাল শনিবার সেন্ট কিটসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ শুনিয়েছেন সেই গল্প, ‘জ্যামাইকাতে শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ বলেছেন, তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন নতুন শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই। আমিও যেসব দেশে যাচ্ছি নতুন নতুন কিছু শিখছি। শিক্ষার কোন শেষ নেই তো, এখানে এসেও শিখতেছি। এই ওয়েদার কিংবা ওয়েস্ট ইন্ডিজে কেমন বল করা উচিৎ সেটা জানতে পারছি।’
বাংলাদেশের ক্যারিবিয়ান সফরে ঘুরেফিরে আসছে নাহিদ প্রসঙ্গ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গতির দাপট দেখানোর পর আরেকবার বিশ্ব তার স্তুতি গাইতে শুরু করেছে। ইয়ান বিশপ করেছেন ভূয়সী প্রশংসা। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সেরও চাওয়া, নাহিদ সব ফরম্যাটে খেলুক। নাহিদেরও অমন চাওয়া। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে চান টাইগার পেসার।
নাহিদ তেমন চাওয়ার কথাই বলেছেন গতকাল, ‘যেকোনো জিনিস আসলে এনজয় করলে কখন কঠিন মনে হয় না। উনি (মোহাম্মদ সালাউদ্দিন) যেটা বলছিলেন তা অন্যরকম। বেসিকটা ঠিক রাখতে, যাতে সবকিছু সুন্দর থাকে এটাই আর কি। দলের জন্য ১৫-২০টা রান করতে পারলে যথেষ্ট।’