প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬ পিএম
নিস্প্রান প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে যা একটু উত্তাপ ছড়ালো ঢাকা আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্সের খেলায়। তবে শক্তিশালী আবাহনীকে পেয়ে বসতে দেয়নি এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা ওয়ান্ডারার্স। শেষ পর্যন্ত সুমন রেজার গোলে ১-০ ব্যবধানে স্বস্তির জয় পেয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাব আবাহনী। এদিকে পিছিয়ে পরার পর ১-১ গোলে করেছে ফর্টিস এফসি।
আবাহনী ১-০ ঢাকা ওয়ান্ডারার্স
ফর্টিস এফসি ১-১ ব্রাদার্স ইউনিয়ন
বাংলাদেশ পুলিশ এফসি ৪-১ ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব

একই সময়ে নিজেদের হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে আতিথেয়তা দেয় আবাহনী। গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধে হয়েছে ম্যাচের জয়সূচক গোলটি। কুমিল্লার এই মাঠে এটি লিগের দ্বিতীয় ম্যাচ। খেলা ছাপিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি আলোচনায় অন্য কারণে। দ্রুত ক্রিকেট পিচ উঠিয়ে ফুটবলের জন্য প্রস্তুত করা হলেও আউটফিল্ডের মান নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের মতো ম্যাড়মেড়ে ছিল ম্যাচটিও। তারপরও সুমনের একমাত্র গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জের পর তৃতীয় দল হিসেবে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল আবাহনী।
প্রিমিয়ার লিগের দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান, দুইয়ে রহমতগঞ্জ, তিনে আবাহনী। তিন দলেরই দুই ম্যাচে সংগ্রহ করেছে সমান ৬ পয়েন্ট করে। তবে গোলগড়ে এগিয়ে থাকায় শীর্ষস্থান সাদা-কালোদের দখলে। একটি জয় ও একটি ড্রয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ব্রাদার্স। পাঁচে থাকা কিংসের ঝুলিতে আছে তিন পয়েন্ট।