সৌদি প্রো লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:৪৪ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:৫১ এএম
হাজার গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বছরটা শেষ হলো হতাশায়। আল নাসরের বছরের শেষ ম্যাচে জালের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে আল ইত্তিহাদের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে নাসর। আগের ম্যাচে এএফসি চ্যাম্পিয়নস একই ব্যবধানে তারা হেরেছিল কাতারের ক্লাব আল সাদের কাছে।
গতকাল শুক্রবার রাতে জেদ্দার কিং আবদুল্লাহ সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন সাবেক দুই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। যেখানে ব্যক্তিগতভাবে দুজনই গোল পেয়েছেন। তবে শেষ হাসি হেসেছে বেনজেমার আল-ইত্তিহাদ। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা।
ম্যাচটি শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। প্রথমার্ধেই অবশ্য করিম বেনজেমার পাস থেকে আল নাসরের জালে বল পাঠিয়েছিলে স্টেভেন বার্গওয়্যান। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়। গোলশূন্য প্রথমার্ধে আরও অন্তত দুটি সহজ সুযোগ মিস করেছেন বেনজেমা। অন্যদিকে নাসরের হয়ে সাদিও মানে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ২ মিনিটের ব্যবধানে দুই দলই গোল পেয়ে যায়। ৫৫তম মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি নাসর। ৫৭ মিনিটে স্কোরলাইন ১-১ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আনহেলো গাব্রিয়েলের প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরতি বল তিনি পাস দেন পর্তুগিজ তারকাকে। দারুণ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সিআর সেভেন। এটা তার ক্যারিয়ারের ৯১৬তম গোল। এ ছাড়া চলতি বছরেই ক্লাবের হয়ে তিনি ৫০ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) রেখেছেন।
ম্যাচে সমতা ফেরার পর দুই দল তুমুল আক্রমণ শুরু করলেও গোল হচ্ছিল না। একটা সময় ড্র হওয়াটাই সম্ভাব্য ফলাফল হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে গোল করে আল ইত্তিহাদের জয় নিশ্চিত করেন বার্গওয়্যান। ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো ইত্তিহাদের। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে ২-এ। ৩-এ থাকা আল কাদিসিয়ার পয়েন্ট ২৮। আর ২৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আল নাসর।