প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ০০:৪৯ এএম
মিচেল স্টার্কের উইকেট উদযাপন
মিচেল স্টার্কের ফুল লেংথ বল। লেগ স্টাম্পে পড়ে সুইং করে আছড়ে পড়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়ালের প্যাডে। এলবিডব্লিউ'র ফাঁদে কাটা পড়েন ভারতীয় এ ব্যাটার। মাঠের আম্পায়ার আঙুল তুলতেই গগন বিদারী স্টার্ক। এমন তো হওয়ারই কথা, অ্যাডিলেইডে শুক্রবার দিন-রানের টেস্টের প্রথম বলেই উইকেট প্রাপ্তি বলে কথা!
এ নিয়ে তিনবার টেস্টের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ান পেসারের এই নজিরকে ছাড়িয়ে যেতে পারেননি আর কেউ। স্টার্ক টেস্টের প্রথম বলে প্রথমবার উইকেট শিকার করেন ২০১৬ সালে। গল টেস্টে তার বলে ক্যাচ আউট হন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ কারুনারাত্নে। ২০২১ সালে অ্যাশেজের ব্রিসবেন টেস্টের প্রথম বলে স্টার্কের ইয়র্কারে বোল্ড হন ররি বার্নস।
স্টার্কের এই কীর্তিতে মাথাচাড়া দিয়ে উঠল দুই দশকের পুরোনো স্মৃতি। তার মতো তিনবার এই স্বাদ পেয়েছেন পেদ্রো কলিন্স। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এ পেসার এই কীর্তির সঙ্গে জড়িয়ে রয়েছেন বাংলাদেশের এক ক্রিকেটার। তিনবারই কলিন্সের শিকার হয়েছেন সাবেক টাইগার ব্যাটার ও বর্তমানে জাতীয় নির্বাচক হান্নান সরকার।
হান্নানকে টেস্টের প্রথম বলে বোল্ড করেন কলিন্স ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দুই বছর পর ক্যারিবীয় সফরে ফের টেস্টের প্রথম বলে হান্নান শিকার হন কলিন্সের। সেন্ট লুসিয়ায় ক্রিজে ছাড়েন এলবিডব্লিউ হয়ে। একই সিরিজে পরের টেস্টের প্রথম বলে একই কায়দায় আউট হন হান্নান। বোলার সেই কলিন্স।
হান্নান টেস্টের প্রথম বলে সর্বাধিক বার আউট হওয়ার রেকর্ডের মালিক। তার এই লজ্জার রেকর্ডের তেতো স্বাদ পেয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কারও। এ দুজন ব্যতীত একবারের বেশি এমন অভিজ্ঞতা হয়নি অন্য কোনো ব্যাটারদের।
টেস্টের প্রথম বলে উইকেট দুইবার করে নিয়েছেন চার জন- রিচার্ড হ্যাডলি, জিওফ আর্নল্ড, কাপিল দেব ও সুরাঙ্গা লাকমাল। একবার করে আছে অনেক বোলারদের।
বাংলাদেশের হয়ে এই স্বাদ পেয়েছেন শুধু একজন। ২০০৭ সালে চট্টগ্রাম টেস্টের প্রথম বলে ভারতের ওয়াসিম জাফরকে বোল্ড করে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।