প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:২৭ পিএম
জাহানারার চাওয়া শুধু সিরিজে ফেরাই নয়, ট্রফি নিজেদের করাতেও— ছবি: বিসিবি
মোমেন্টাম ধরে রাখার কথা বলেছিলেন নিগার সুলতানা জ্যোতি। চেষ্টাও চালিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। তবে তীরে এসে তরী ডোবায় হার দিয়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে পাওয়া জয়ের ধারাও ভেঙেছে তাতে। এবার টাইগ্রেসদের সামনে সিরিজ রক্ষার চ্যালেঞ্জ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিকে সামনে রেখে শুক্রবার জাহানারা আলম অবশ্য বড় আশ্বাস দিয়েছেন। টাইগার পেসারের চোখ শুধু সিরিজে ফেরাই নয়, ট্রফি নিজেদের করাতেও।
জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচটি গড়াবে দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ১২ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে হয় স্বাগতিকদের। ১-০ ব্যবধানে পিছিয়ে যাওয়া ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১০৩ রানের উদ্বোধনী জুটির পরও হুট করেই ধ্বস নামে টাইগ্রেস শিবিরে। তাতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিরা যেতে পারেন ১৫৭ রান পর্যন্ত। পিছিয়ে পড়া সিরিজে এবার ফেরার লক্ষ্য বাংলার মেয়েদের।
দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী পেসার জাহানারা। বিসিবির পাঠানো এক ভিডিওতে দলের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘আমরা খুবই আশাবাদী। দারুণ ছন্দে আছি। আইরিশদের বিপক্ষেই ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছি। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট পুরোপুরি ভিন্ন। সবাই জানি, এই ফরম্যাটে বল-বাই-বল টার্গেট করতে হয়। এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না। আমার বিশ্বাস আয়ারল্যান্ডের টপ অর্ডারের চার ব্যাটারকে দ্রুত শিকার করতে পারলে তাদের খুব অল্প রানে তাদের আটকে রাখতে পারবো। তাহলে ম্যাচ ইতিবাচক ফলাফলের দিকে যাবে এবং আমরা ট্রফি জিততে পারবো।’

পাঁচ মাসেরও বেশি সময় পর দলে ফেরাটা জাহানারা ভালো হয়নি। ৪ ওভারে ৩৫ রান খরচায় পেয়েছিলেন একটি উইকেট। দলও হেরেছিল। ফেরার আনন্দ থাকলেও তাই কিছুটা অসন্তোষ টাইগ্রেস পেসার, ‘আবারও সুযোগ পেয়েছি, আবারও বাংলাদেশ দলের জার্সি গায়ে দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য অরেক বড় গৌরবের। সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সবসময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।
জাহানারার বিশ্বাস হারে শুরু হলেও সিরিজ বাংলাদেশের হবে, ‘প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সে বিবেচনায় আমার বিশ্বাস, সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের আছে।’
লাক্কাতুরার চা বাগান ঘেরা মাঠে প্রথম ম্যাচে বোলিংটা ভালো হয়নি। ব্যাটিংয়ে অবশ্য সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার সুয়োগ এসেছিল। কিন্তু তা পারেনি মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার। জাহানারা মনে করেন, টপ অর্ডারের সাথে মিডল অর্ডার ব্যাটাররা ভালো করলে ম্যাচ জয় সম্ভব, ‘প্রথম ম্যাচের ১৭০ রানের টার্গেটে আমাদের মনে হয়েছে, আমরা যদি ভালো শুরু করতে পারি এবং পাওয়ার প্লে কাজে লাগাতে পারি, তাহলে এটি স্পর্শ করা সম্ভব। আমরা ১০ বা ১১ ওভারে একশর বেশি রান করেছিলাম। আশাবাদী ছিলাম, কিন্তু মিডল অর্ডারে কোন ভুলের কারণে আমরা সাফল্য পাইনি। তবে আমরা আশাবাদি, যে চারজন রানের ছন্দে ফিরেছে, তার সাথে আরও কয়েকজন যুক্ত হলো। এই ব্যাটিং উইকেটে আমরা রান তাড়া করতে পারবো ও বড় স্কোরও করতে পারবো।’