প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:১৪ পিএম
ক্যারিয়ারে চারটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন আর্যমান— সংগৃহীত ছবি
ঝুলিতে মোটা অঙ্কের টাকা জমাতে একজন ক্রিকেটারকে কতদিন খেলতে হয়? এত টাকা, যতটা হলে কাউকে ধোনি বলা যায়! অনেক বছর নিশ্চয়! কিন্তু অনেক টাকার মালিক এমন একজন ক্রিকেটার আছেন, যিনি কখনও জাতীয় দলের জার্সি গায়ে চড়াননি। ক্রিকেট ম্যাচ যা খেলেছেন তা-ও আঙুলের করে গোনা যাবে।
তিনি মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্টার্ক কিংবা বিরাট কোহলিদের মতো কেউ নন। ভারতের ওই ঘরোয়া ক্রিকেটারের ক্যারিয়ারও থেমেছে অল্পতে। মাত্র ২২ বছর বয়সেই তুলে রেখেছেন ব্যাটপ্যাড। অর্থবিত্তে সবাইকে ছাড়িয়ে মাথা জাগানো ওই ক্রিকেটারের নাম আর্যমান বিড়লা। তার সম্পত্তি মূলত ক্রিকেট খেলে নয়। ভারতের বিখ্যাত ব্যবসায়িক গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপের উত্তরাধিকারী আর্য। সেই সূত্রেই পেয়েছেন এতটা সম্পত্তি, যা ক্রিকেটার হিসেবে ধরলে আর্যকে বসাচ্ছে শীর্ষে।
১৯৯৭ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া আর্যমান রঞ্জি ট্রফি খেলেছেন। ক্যারিয়ারে আছে চারটি লিস্ট ‘এ’ ম্যাচ। ডাক পেয়েছিলেন আইপিএলেও। তবে এখানেই থেমেছে ব্যবসায়ী আর্যমানের ক্যারিয়ার।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, আর্যমান বিড়লার সম্পদমূল্য আনুমানিক ৭০ হাজার কোটি রুপি। এই সম্পদমূল্যের কারণে আর্যমানকে সবচেয়ে ধনী ক্রিকেটার বলাই যায়, কারণ প্রাপ্ত তথ্য অনুসারে ভারতের বর্তমান ও সাবেকদের মধ্যে আর কারও সম্পদই এর ধারেকাছে নেই।