প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
ওমানের মাসকটে অনুষ্ঠেয় যুব এশিয়ান কাপ হকিতে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এরপর দেশে ফিরেই হকি ফেডারেশন থেকে তারা পায় সংবর্ধনা। এছাড়া ৫ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেন বাহফে সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পুরস্কার পাচ্ছেন মেহরাব হাসান সামিনরা।
শুক্রবার অনূর্ধ্ব- ২১ হকি দলকে ২০ লক্ষ টাকা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়।
মাস্কটে বাংলাদেশ ৬ খেলায় তিনটিতে জয় দুটিতে ড্র এবং এক ম্যাচে হারে। তাতে দশ দলের মধ্যে সেরা পঞ্চম স্থান পায় অনূর্ধ্ব-২১ হকি দল। আর সেই সুবাদে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে মওদুদুর রহমান শুভর দল।