ক্লাব বিশ্বকাপের জমকালো ড্র
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৮ পিএম
৩২ দলের অংশগ্রহণে ও ভিন্ন আঙ্গিকে শুরু হবে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের জমকালো ড্র। যেখানে বিশ্বের বিভিন্ন ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক ফুটবল তারকারা। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী বছর ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে
খেলবে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে।
আগামী বছরের ১৫ জুন শুরু হয়ে আসর শেষ হবে ১৩ জুলাই। ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের ১২টি
স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে
ইন্টার মিয়ামিকে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন মেসিরা। যদিও
প্রতিযোগিতায় মিয়ামির অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। এমএলএস সাপোর্টার্স শিল্ড
জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও
প্রতিযোগিতায় ভালো কিছুই করতে চায় ক্লাবটি।
ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে মিয়ামি। গ্রুপ
‘এ’তে তাদের সঙ্গে অন্য তিনটি দল ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের
আল আহলি। ‘এইচ’ গ্রুপে পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ও নেইমার জুনিয়রের আল
হিলাল। তাদের সঙ্গে আছে পাচুকা ও সলসবার্গ। ‘বি’ গ্রুপে পিএসজির সঙ্গে আছে আতলেতিকো
মাদ্রিদ, বোতোফোগে ও শিয়াটল। ‘সি’ গ্রুপে বায়ার্নের বোকা জুনিয়র্স। গ্রুপ ‘জি’তে ম্যানসিটি
তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। তবে জুভেন্টাস এই গ্রুপে শক্তি প্রদর্শন করতে পারে।
ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘এটি মূলত
অন্তর্বর্তীমূলক ব্যাপার। যেখানে লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে
আসা। ৩২টি বিশ্বসেরা ক্লাব ও সেরা খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে আসা।’
কে কার মুখোমুখি
গ্রুপ-এ : পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মিয়ামি
গ্রুপ-বি : প্যারিস সেন্ট জার্মেই, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, শিয়াটল সাউন্ডার্স
গ্রুপ-সি : বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
গ্রুপ-ডি : ফ্লামেঙ্গো, ইএস তিউনিস, চেলসি, ক্লাব লিয়ন
গ্রুপ-ই : রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরে, ইন্টার মিলান
গ্রুপ-এফ : ফ্লুমিনেন্সে, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
গ্রুপ-জি : ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস
গ্রুপ-এইচ : রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সলসবার্গ