অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগাররা। দ্বিতীয় সেমিতে শ্রীলঙ্কার যুবাদেরও ৭ উইকেটে হারিয়েছে ভারত। আগামী ৮ ডিসেম্বর শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের যুবারা। ইকবাল হোসেন ইমন সর্বোচ্চ ৪ এবং মারুফ মৃধা নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে আজিজুল হাকিম তামিমের ব্যাটে চড়ে মাত্র ২২.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে একটি করে সেঞ্চুরি ও ফিফটি হাঁকানো বাঁহাতি এই ব্যাটার ৪২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত ছিলেন। এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।
অন্যদিকে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৬.২ ওভারে মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেছেন লাকভিন আবেসিংহে। এ ছাড়া সারুজান শানমুগানাথানের ৪২ রান ছাড়া আর কেউ বলার মতো ইনিংস খেলতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চেতন শর্মা। এ ছাড়া কিরণ চোরমালে ও আয়ুশ মহাত্রে ২টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন মাত্র ১৩ বছর বয়সে আসন্ন আইপিএলে দল (রাজস্থান রয়্যালস) পাওয়া ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ৩৬ বলের ইনিংসে ৬টি চার ও ৫ ছক্কায় তিনি ৬৭ রান করেন। এ ছাড়া মহাত্রে ৩৪, অধিনায়ক মোহাম্মদ আমান ২৫ ও আন্দ্রে সিদ্ধার্থ ২২ রান করলে ২১.৪ ওভারেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। যুব এশিয়া কাপের রেকর্ড সর্বোচ্চ ৮টি শিরোপা জেতা ভারত আরও একবার টুর্নামেন্টটির ফাইনালে উঠল।
কাকতালীয়ভাবে দুই দলই চলতি আসরের গ্রুপপর্বে রানারআপ হয়েছিল। অর্থাৎ, তিনটি করে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা বিদায় নিয়েছে যুব এশিয়া কাপ থেকে।
এর আগে বাংলাদেশ ২০১৯ আসরে ফাইনালে প্রথমবার খেলতে নেমে ৫ রানে হেরেছিল ভারতের কাছে। সর্বশেষ (২০২৩) আসরেও দুই দলের দেখা হয় সেমিফাইনালে। প্রতিশোধ তুলে বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। পরে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতে। ইয়াং টাইগারদের সামনে এবার টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের সুযোগ।