× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০ পিএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রথম সেমিফাইনালে ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্পতেই আটকে ফেলে টাইগার যুবারা। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝোড়ো ফিফটিতে ১৬৭ বল হাতে রেখেই টাইগার যুবারা জয় তুলে নিয়েছেন ৭ উইকেটের বড় ব্যবধানে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের যুবারা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারালেও ২২.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৮ ডিসেম্বর শিরোপা নির্ধারনী ম্যাচে টাইগার যুবারাদের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিতে লঙ্কান যুবাদেরও ৭ উইকেটে হারিয়েছে তারা।  

বোলিংয়ের শুরুতেই পাকিস্তানের ইনিংসে জোড়া আঘাত হানেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসারের আগ্রাসী বোলিংয়ে ৭ রানের মধ্যেই ২ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনার উসমান খান ও শাহজাইব খান শূন্যহাতে সাজঘরে ফেরেন। এরপর মোহাম্মদ রিয়াজুল্লাহকে নিয়ে ৪১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলাড় চেষ্টা করেন অধিনায়ক সাদ বেগ। তবে পেসার ইকবাল হোসেন ইমনের জোড়া শিকারের পর ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।  

দলটির হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতা নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে একশ’ ছাড়াতে পারে পাকিস্তান। বল হাতে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত করেছেন ইকবাল হোসাইন ইমন। ডানহাতি এই পেসার ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। বাঁ-হাতি পেসার মারুফ মৃধা নেন ২ উইকেট। 

ছোট লক্ষ্য তাড়ায় ২৮ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশের যুবারা। জাওয়াদ আবরার ২৫ বলে ৪ বাউন্ডারিতে ১৭ রান করলেও আরেক ওপেনার কালাম সিদ্দিকি ১৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।  তৃতীয় উইকেটে অধিনায়ক তামিম ও শিহাব জেমস মিলে গড়েন ৫৭ রানের জুটি। সেই জুটিতেই মূলত জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইয়াং টাইগার্সের। তবে জয় থেকে ৩২ রান দূরে থাকাবস্থায় বিলাসী শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন জেমস। ৩৬ বলে তিনি ২৬ রান করেছেন। 

একপ্রান্ত আগলে রাখা বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম বাকি কাজ সেরেছেন অনায়াসে। গ্রুপ পর্বে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি হাঁকানো বাঁহাতি এই ব্যাটার ৪২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত ছিলেন। ফলে বাংলাদেশও ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি মাত্র ২২.১ ওভারেই জিতেছে।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আলি রাজা, আবদুল সুবহান ও নাভিদ আহমেদ খান। শুরুতে তারা ইকোনমিক্যাল থাকলেও, তাদের ওপর মূল চাপটা ব্যাটাররাই তুলে দিয়েছেন বড় পুঁজি তুলতে ব্যর্থ হওয়ায়।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৩৭ ওভারে ১১৬/১০ (ফারহান ইউসুফ ৩২, মোহাম্মদ রিয়াজউল্লাহ ২৮; ইকবাল হোসেন ইমন ৪/২৪, মারুফ মৃধা ২/২৩)
বাংলাদেশ : ২২.১ ওভারে ১২০/৩ (আজিজুল হাকিম তামিম ৬১*, মোহাম্মদ শিহাব জেমস ২৬, নাভিদ আহমেদ ১/১৩)
ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ইকবাল হোসেন ইমন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা