প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৪ এএম
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলে পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে বুলাওয়েতে মরণপণ লড়াই করতে দেখা গেছে জিম্বাবুয়েকে। ফলও গেছে স্বাগতিকদের পক্ষে।
বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করে ১৩২ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১ বল হাতে রেখে বিজয় কেতন ওড়ায় জিম্বাবুয়ে। ম্যাচটিতে স্বাগতিকদের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ব্রায়ান বেনেট। সিকান্দার রাজার নেতৃত্ব ছিল দেখার মতো। দুজন কথা বলেছেন ম্যাচ শেষে।
জিম্বাবুয়ের অধিনায়ক রাজা বলেছেন, ‘সিরিজটি জিততে চেয়েছিলাম আমরা। দুর্ভাগ্যক্রমে সম্ভব হয়নি। তবে আমরা আমাদের তরুণদের পাশে দাঁড়িয়ে চেষ্টা চালিয়েছি। পাকিস্তানের এ সফর এবং এ সিরিজ আয়োজন একটু কঠিনই ছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছি। এ জয়ে আমরা খুবই খুশি।’
সিরিজের তৃতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রায়ান বেনেট। ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ২১ বর্ষী তরুণ ব্যাটার। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বেনেট বলেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। পরের সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে আমাদের খেলা। এ জয়ের প্রেরণা তখন কাজে দেবে। অধিনায়ক এবং কোচের চাওয়ার প্রতিফলন ঘটাতে পেরে আমি খুশি। আমাদের দলটি তারুণ্যে ভরা। তাই ম্যাচগুলো থেকে শিখছি। বিশেষ করে আজ খুবই ভালো লাগছে ম্যাচটি শেষ করতে পেরেছি এবং একটি দারুণ জয় উপহার পেয়েছি।’