× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালের লড়াইয়ে নামছেন তামিমরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ০৯:০৮ এএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৭ এএম

ফাইনালের লড়াইয়ে নামছেন তামিমরা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ট্রফি শিরোপা ধরে রাখার লক্ষ্যে আজ শুক্রবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগার যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই সময়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আরেক সেমিতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কান যুবারা। দুই ম্যাচে জয়ী দল ৮ ডিসেম্বর মাঠে নামবে শিরোপা নির্ধারণী ফাইনালে।

টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস। এ ছাড়া ওপেনার কালাম করেন ৬৬ রান। লক্ষ্য তাড়ায় নামা আফগানদের শেষ ৮ উইকেট পড়ে ৬৭ রানের মধ্যে। আল ফাহাদ ও ইকবাল হোসেনদের দাপুটে বোলিংয়ে ম্যাচটা ৪৫ রানে জিতে নেয় বাংলাদেশ। 

পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নেপালকে মাত্র ১৪১ রানে অলআউট করে দেয় জুনিয়র টাইগাররা। মাত্র ২৮.৪ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে যায় আজিজুল হাকিমের দল। এ ম্যাচেও বাংলাদেশ অধিনায়ক আজিজুল করেন ৫২ রান। ৫ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে গ্রুপ সেরার লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে তীরে গিয়ে তরী ভেড়ানো হয়নি বাংলাদেশের। 

অথচ ওপেনার কালাম সিদ্দিকীর ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তার বিদায় এবং চারটি রান আউটে হিসাব উল্টে যায়। কালাম আউট হন ৯৫ রানে, বাংলাদেশও শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ হেরে যায়। ৪৯ রানে শেষ ৭ উইকেট খুইয়ে তারা ম্যাচ হারে ৭ রানে। সেই ম্যাচ দিয়ে শতভাগ জয় পাওয়া লঙ্কানরা ‘বি’গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখে। ফাইনালে উঠতে তাদের মোকাবিলা করতে হবে ‘এ’ গ্রুপে দুটি জয় পাওয়া ভারতের। 

অন্যদিকে, গ্রুপপর্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ তিনটি ম্যাচই জিতেছে পাকিস্তানি যুবারা। তাদের চ্যালেঞ্জ সামলেই বাংলাদেশকে ফাইনালে উঠতে হবে। শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালের মঞ্চে উঠতে তামিম ইকবাল, সাকিব আল হাসানদের উত্তরসূরিরা সে চাপকে জয় করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা