প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:০৬ পিএম
গ্রেগ বার্কলে
প্রায় ১৪টা অ্যাসোসিয়েশন এক হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করে ওয়েস্ট ইন্ডিজ। এটা মোটেও পছন্দ নয় আইসিসির সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান গ্রেগ বার্কলের। তিনি দেশটির ক্রিকেটকে ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ইংল্যান্ডের ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে বার্কলে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এখন যে অবস্থায় আছে, তাতে তারা কোনভাবেই টিকতে পারবে না। ওদের জন্য প্রতিটি দ্বীপে ভাগ হয়ে যাওয়ার সময়টা এখনই।’ তিনি প্রশ্ন তুলেছেন ঠিক এভাবেই—ওয়েস্ট ইন্ডিজ কি টেস্ট চালিয়ে যেতে পারবে? কারণ হিসেবে বার্কলে বলেছেন, ‘ওদের আর্থিক অবস্থা এতই খারাপ যে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। ক্রিকেট ছাড়া তাদের দ্বীপগুলোর মধ্যে কোনো কিছুতেই মিল নেই। তবু নিজেদের ওয়েস্ট ইন্ডিজ হিসেবে ধরে রেখে ক্রিকেটে যা অর্জন করেছে, অবিশ্বাস্য সেটা।’
এ সময় তিনি এও বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ বলতে পারে, আমরা কেন পূর্ণ সদস্য থেকে ১৪টি অ্যাসোসিয়েশনে ভাগ হব? তবে খেলাটার স্বার্থে এটাই ভাবতে হবে। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে বার্বাডোজ শুধু তাদের অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে। ভবিষ্যতে কি হবে, এটা তার ছোট্ট ইঙ্গিত? একদিকে পূর্ণ সদস্যদেশ, অন্যদিকে সহযোগী দেশ, এগুলোর বিলোপ করে সামনে এগিয়ে যেতে হবে। আইসিসির অর্থ ভাগাভাগি হতে হবে পারফরম্যান্সের ভিত্তিতে।’