প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:১৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:২০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি যদিও পুরো আসরে খেলেননি। রংপুরের হয়ে দুই ম্যাচ খেলার পর তিনি অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চলে যান যান। সেই আসরে তার সঙ্গে করা চুক্তির পুরো অর্থ ফ্র্যাঞ্চাইজিটি পরিশোধ করেনি বলে অভিযোগ তুলেছেন ৪৫ বর্ষী এই লেগস্পিনার।
চলমান গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে গায়ানা
অ্যামজন ওরিয়র্সকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভুত তাহির। বৃহস্পতিবার গ্রুপ
পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল
তার দল। এই ম্যাচের শুরুতে টস পর্বে কথা বলতে গিয়ে পুরোনো ঘটনায় রংপুরের সমালোচনা করেছেন
তিনি। তাহির জানিয়েছেন, চুক্তির পুরো অর্থ এখনও পাননি।
তাহিরের ভাষায়, ‘দেখুন, আমরা প্রতিটি
ম্যাচ জেতার জন্যই এখানে এসেছি। বিশেষ করে আজকের খেলাটা গায়ানার জন্য তো অবশ্যই, ব্যক্তিগত
কারণেও জিততে চাই। গত বছর রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলেছি। চুক্তির পুরো অর্থ এখনো
বুঝে পাইনি। গায়ানা তাদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। তারা
এখানে কিছু অর্থ আয় করতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে। তাই সেটা আজকের ম্যাচে আমাকে
অনুপ্রাণিত করবে। আমি তাদের বিপক্ষে সত্যিই ভালো খেলতে চাই্। তাদেরকে দেখিয়ে দিতে চাই,
আমরা তাদের চেয়ে ভালো মানুষ।’
ইমরান তাহিরের আশা অবশ্য পূরণ হয়নি। গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১১৭ রানের পুঁজি গড়ে রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১০২ রান করে গুটিয়ে যায় গায়ানা। তবে তাহিরকে টাকা না দেওয়ার বিষয়ে এখনো রংপুর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।