প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:০১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:০২ পিএম
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো
বর্ণিল ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন দুজন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। একজন পাড়ি জমিয়েছেন আমেরিকায়, অন্যজন ঘাঁটি গেড়েছেন এশিয়ায়। তবুও ফুটবল বিশ্বে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো বর্ষসেরা একাদশ বেছে নেওয়ার জন্য ২৬ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। তাতে জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় কেবল ইউরোপের বাইরের খেলোয়াড়ও তারা দুজন।
৩৯ বছর বয়সে রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ৩৭ বছর বয়সে মেসি খেলছেন মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে। ইউরোপের বাইরে গিয়ে বড় কোনো লিগে না খেললেও এখনো ফুটবলারদের নজরেই সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য তারা।
মেসি-রোনালদোর বাইরে বাকি ২৪ জনই ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের ক্লাবে খেলা ফুটবলার। ইতালি বা লাতিন আমেরিকার ক্লাবে খেলা কোনো ফুটবলার ২৪ জনের তালিকায় নেই।
স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ৮ জন ফুটবলার বিশ্বের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আছেন ৭ জন। বার্সেলোনা থেকে মাত্র এক জন ফুটবলার এই তালিকায় রয়েছে।
আগামী ৯ ডিসেম্বর জানা যাবে সেরা একাদশে কারা থাকছেন। ফুটবল দুনিয়ার ৭০ দেশ থেকে এবার রেকর্ড ২৮ হাজার ৩২২ ভোট পড়েছে। ২১ আগস্ট ২০২৩ থেকে ১৪ জুলাই ২০২৪ পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই সময়ে অন্তত ৩০টি ম্যাচ খেলা ফুটবলারদেরকেই ভোটের জন্য বিবেচনায় রাখা হয়েছে।
ফিফপ্রো বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা:
গোলরক্ষক: এদেরসন, এমিলিয়ানো মার্তিনেস ও ম্যানুয়েল নয়্যার।
ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াস, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিম্পং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা ও কাইল ওয়াকার।
মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রদ্রি ও ফেদে ভালভের্দে।
ফরোয়ার্ড: আরলিং হালান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামাল।