ইংলিশ প্রিমিয়র লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১১:০৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম
আর্সেনালের কাছে হেরে আরও বিপাকে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসলের কাছে আটকাল লিগ টেবিলের ১ নম্বরে থাকা লিভারপুল। সে সুবাদে নটিংহাম ফরেস্টকে হারিয়ে টেবিলের সেরা ৪-এ উঠে এলো ম্যানচেস্টার সিটি। এ ছাড়া টানা চার ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ে ফিরল পেপ গার্দিওলার দল।
লিভারপুলের কাছে হারের ধাক্কা সামলে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে নটিংহ্যামকে ৩-০ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে লিড নেয় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে আরও ১টি গোল করে তারা।
খেলার অষ্টম মিনিটে সিলভার গোলে ১-০-তে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৩১ মিনিটে সিটিজেনদের হয়ে দ্বিতীয় গোল করেন ডি’ব্রুইন। ৫৭ মিনিটে জেরেমি ডকুর গোলে ম্যাচের স্কোরলাইন ৩-০ করে সিটি।

সাউদাম্পটনকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত করে চেলসি। ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ঘাড়ে আরও এক জোড়া গোল চাপায় তারা। ম্যাচের সপ্তম মিনিটে অ্যালেক্সের গোলে লিড নেয় চেলসি। ১১ মিনিটে আরিবোর গোলে ১-১ সমতা ফেরায় সাউদাম্পটন। ১৭ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার। ৩৪ মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোল করেন মাদুয়েকে। ৭৬ মিনিটে পালমার ও ৮৭ মিনিটে স্যাঞ্চো বল জড়ান সাউদাম্পটনের জালে।
অন্যদিকে প্রথমার্ধে দুই দলের ভীষণ বাজে ফুটবল প্রদর্শনীর পর বেশ ভালো খেলল আর্সেনাল। দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারও হারাল মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্সেনাল। ইউরিয়েন টিম্বার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় গোলটি করেছেন উইলিয়াম সালিবা। প্রথমবারের মতো লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা চার ম্যাচ জিতল আর্সেনাল। আর হতশ্রী ফুটবল খেলে হুবেন আমুরির কোচিংয়ে চার ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পেল ইউনাইটেড।
এদিকে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-৩ গোলে আটকে গেছে লিগ টপার লিভারপুল। ম্যাচের প্রথমার্থে ১-০ গোলে এগিয়ে ছিল নিউক্যাসল। অর্থাৎ দ্বিতীয়ার্ধে দুই দল মিলে গোল করে মোট ৫টি। ৩৫ মিনিটে আলেকজান্ডারের গোলে ১-০-তে লিড নেয় নিউক্যাসল। পরে ৬২ মিনিটে গর্ডন ও ৯০ মিনিটে ফ্যাবিয়ান গোল করেন নিউক্যাসলের হয়ে। লিভারপুলের হয়ে ৫০ মিনিটের মাথায় গোল করেন জোনস। মোহাম্মদ সালাহ ৬৮ ও ৮৩ মিনিটে জোড়া গোল করেন লিভারপুলের হয়ে।

১৪ ম্যাচে লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান খেলা শেষে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ৩-এ আছে আর্সেনাল। চেলসিরও ২৮ পয়েন্ট, গোলপার্থক্যে ২-এ আছে তারা। ম্যানচেস্টার সিটি ২৬ পয়েন্ট নিয়ে আছে ৪-এ। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।