প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩ পিএম
নারীদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিযোগিতার আরও একটি আসর বসার কথা ছিল বাংলাদেশের মাটিতে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টের দিন তারিখও ঠিক করা হয়েছিল। তবে সাফের কমিটি জানিয়েছে পরিবর্তন হতে পারে টুর্নামেন্টের সময়।
মূলত এএফসি তাদের ক্যালেন্ডার পরিবর্তন করায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। বুধবার প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘আমরা নতুন করে ক্যালেন্ডার সাজানোর চেষ্টা করছি। যেহেতু এএফসি তাদের ক্যালেন্ডার তাদের পরিবর্তন করেছে। এ কারণেই আমরা সাফের দিন তারিখ ঠিক করতে পারছি না। আপাতত তাই স্থগিত করা হচ্ছে।
মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ গেলবার অনুষ্ঠিত হয়েছিল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আসন্ন সাফের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামকে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও স্টেডিয়ামের সংষ্কার কাজ শেষ হয়নি পুরোপুরি। জানা গেছে, আগামী বছরের মে-জুনের আগে ফ্লাড লাইট বসানো যাচ্ছে না।

সেক্ষেত্রে টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সরে যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই বিষয়ে জানতে চাওয়া হলে এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় নয় বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ চলমান। এটা নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না। এছাড়া টুর্নামেন্টের নতুন তারখি ঠিক হলে সেই পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।’