প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২১:২৬ পিএম
সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টেস্ট টুপি নিলামে আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ব্যাটারের ক্যাপটির বয়স ৮০ বছর, যা সূর্যে রঙ জ্বলে যাওয়া ও প্রায় জীর্ণ। আছে পোকায় কাটার চিহ্ন।
মঙ্গলবার এই টুপির নিলাম অনুষ্ঠিত
হয়। যার স্থায়িত্বকাল ছিল ১০ মিনিট। ১ লাখ ৬০ হাজার ডলার দাম থেকে শুরু হয়েছিল নিলামের
ডাক। শেষ পর্যন্ত আড়াই লাখ ডলারে বিক্রি হয়ে যায়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯
লাখ ৭৩ হাজার টাকা। ক্রেতার ‘প্রিমিয়াম ফি’সহ টুপিটির মোট দাম ৩ লাখ ১০ হাজার ডলার
(বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা)।
নিলামের কাজটি করেছে বিখ্যাত
ব্রিটিশ অকশন হাউস বোনহামস। তারা জানিয়েছে, ব্র্যাডম্যান টুপিটি ১৯৪৭-৪৮ সালে ভারতের
অস্ট্রেলিয়া সফরের সময় পরেছিলেন। যা ছিল ঘরের মাঠে তার শেষ সিরিজ। ওই সিরিজে ছয় ইনিংসে
তিন সেঞ্চুরি ও একটি ডবল সেঞ্চুরিতে ব্র্যাডম্যান করেছিলেন ৭১৫ রান। গড় ছিল ১৭৮.৭৫।
ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি
গ্রিন টুপি নিলামে তোলা হয়েছিল ২০২০ সালে। সেটি ১৯২৮ সালে তার টেস্ট অভিষেকের টুপি।
২ লাখ ৯০ হাজারে ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা) টুপিটি বিক্রি
হয়েছিল।