জাতীয় ক্রিকেট লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২১:০৮ পিএম
এক ম্যাচ হাতে রেখে এনসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট
সব গল্পের শেষটা সুন্দর হয় না। জাতীয় লিগের শেষ রাউন্ডের ফল দেখে এমনটা বলবেন যে কেউ! এক ম্যাচ হাতে রেখে এনসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট। অথচ দলটির শেষটা হয়েছে অসুন্দর। লিগের শেষ রাউন্ডে তারা হেরেছে রাজশাহীর কাছে। শেষ রাউন্ডে জিতেছে বরিশাল। আর রোমাঞ্চ ছড়িয়ে ড্র হয়েছে রংপুর-খুলনা ম্যাচ।
ফরহাদ রেজাকে রাজশাহীর বিদায়ি উপহার: চট্টগ্রামে সিলেটকে হারাতে শেষ দিনে ২ উইকেট প্রয়োজন ছিল রাজশাহীর। ১৬ বলের মধ্যেই চ্যাম্পিয়নদের দুই উইকেট তুলে ফরহাদ রেজাকে বিদায়ি উপহার দেয় রাজশাহী। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানান ফরহাদ। ২০০৫ থেকে প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি ও ৩৩ ফিফটিতে ৫ হাজার ৯০৪ রানের সঙ্গে ইনিংসে ৯ বার ৫ উইকেটসহ তার শিকার ৩১৫ উইকেট। ম্যাচ শেষে বিসিবি ও সতীর্থদের কাছ থেকে বিশেষ স্মারক উপহার পান ফরহাদ।
মঙ্গলবার ৮ উইকেটে ১৪২ রান
নিয়ে দিন শুরু করে সিলেট। মাত্র ৪ রান যোগ করতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে
রাজশাহী জিতেছে ৫৪ রানে। ম্যাচশেষে সিলেটকে চ্যাম্পিয়নের ট্রফি বুঝিয়ে দেওয়া হয়।
বরিশালের প্রথম জয়: জাতীয় লিগে মাত্র এক জয় বরিশালের। আসরে এর আগে চারটি ম্যাচ হেরেছে এবং দুটি ড্র করেছে দলটি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে।
মঙ্গলবার রুয়েল মিয়ার চমৎকার
বোলিংয়ে লিগের শেষ ম্যাচে ঢাকাকে ১২২ রানে হারিয়েছে বরিশাল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে
২২১ রানের লক্ষ্যে ৯৮ রানে গুটিয়ে গেছে ঢাকা। প্রথম ইনিংসে বরিশালের ২৮৯ রানের জবাবে
ঢাকা করে ৯ উইকেটে ৩১০ রান। পরে বরিশাল অল আউট হয় ২৪১ রানে।
রোমাঞ্চ ছড়িয়ে ড্র রংপুর-খুলনা ম্যাচ: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নাটকীয়তার পর ড্রয়ে শেষ হয়েছে খুলনা ও রংপুরের ম্যাচ। খুলনার ২৫৯ রানের লক্ষ্যে রংপুর ৫৮ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। অভিজ্ঞ অলরাউন্ডার তানভীর হায়দার সেখান থেকে দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। তবে আলোকস্বল্পতায় জয় থেকে মাত্র ১৭ রান দূরে ম্যাচটি শেষ হয়। তানভীর ৮ চারে ১৩৩ বলে ৭৮ ও আরিফুল ৭ চারের সঙ্গে ১ ছক্কায় ৫২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন।