প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ২১:০৪ পিএম
সুফিয়ান মুকিম
আনপ্রেডিক্টেবল। স্রেফ আনপ্রেডিক্টেবল। পাকিস্তান ক্রিকেট দলকে হয়তো এই কারণেই ‘আনপ্রেডিক্টেবল’বলা হয়ে থাকে। মঙ্গলবার পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের ঘটনা একটু ব্যাখা করা যাক। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একটা সময় (৪.২) পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৩৭ রান। অথচ পরের ২০ রান তুলতেই অলআউট স্বাগতিকরা। পাকিস্তানকে এমন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী করানোর মূল কারিগর সুফিয়ান মুকিম। মাত্র তিন রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন এই স্পিনার।
মঙ্গলবার বুলাওয়েতে স্বাগতিকদের
৫৭ রান তাড়ায় মাত্র ৩৩ বল মোকাবিলা করেছে পাকিস্তান। দুই ওপেনার ওমাইর ইউসুফ ও সাইম
আইয়ুব মিলে ৬১ রান তুলে দলকে জয়ের বন্দরে নিয়ে থেমেছেন। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে
জিতে নিল পাকিস্তান। আগামী বৃহস্পতিবার বুলাওয়েতেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
এদিন জিম্বাবুয়ের ছোট্ট লক্ষ্য
তাড়ায় পাকিস্তানের ওপেনার ওমাইর ২২ রানে ও সাইম ৩৬ রানে অপরাজিত ছিলেন। তার আগে টস
জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের শুরুটা ছিল দেখার মতোই। ৪ ওভারে ৩৭ রান তুলেছিলেন
দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। পঞ্চম ওভারের মারুমানি সাজঘরে ফিরলে
তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ইনিংস।
দলীয় ৩৭ রানে দুই ওপেনার ফিরলে
বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ব্রায়ান ও মারুমানি ছাড়া বাকিরা দুই অঙ্কের রান স্পর্শ
করতে পারেননি। নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হয়েছে দলটি।
স্বাগতিকদের ভুলে ভরা দিনে
কীর্তি গড়েছেন ২৫ বছর বয়সি মুকিম। দেশটির টি টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি
উমর গুলের কাছ থেকে কেড়ে নিয়েছেন এই তরুণ। ২০০৯ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে
৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল। ১৬ বলের ব্যবধানে মাত্র ৩ রানে ৫ উইকেট নেন মুকিম।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ১২.৪ ওভারে ৫৭ (বেনেট ২১, মারুমানি ১৬; মুকিম ৫/৩, আব্বাস ২/২)
পাকিস্তান : ৫.৩ ওভারে ৬১ (ওমাইর ২২*, সাইম ৩৬*; রাজা ০/১১)
ফল : পাকিস্তান ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সুফিয়ান মুকিম (পাকিস্তান)।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।