প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:১২ পিএম
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে ম্যাচ পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। তবুও পেসার নাহিদ রানার ৬১ রানে ৫ উইকেট শিকারে মাত্র ১৪৬ রানে থেমে গেছে ক্যারিবিয়ানদের ইনিংস। দিনশেষে ৫ উইকেটে ১৯৩ রান তোলা বাংলাদেশের লিড হয়েছে ২১১ রানের। এ সবকিছুর পেছনেই বড় কৃতিত্ব ২২ বছর বয়সি রানার।
টেস্ট ফরম্যাট দিয়েই চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নাহিদ। ৬ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়া এই পেসার জানালেন, তিনি তেমন কোনো চেষ্টাই করেননি। সোমবার তৃতীয় দিনের খেলা শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে রানা বলছিলেন, ‘প্রথমে শুকরিয়া আদায় করতে চায় আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পেয়েছি এজন্য। বেশি কিছু চেষ্টা করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে সুযোগ না দেওয়ার। কোন অবস্থাতে কোন ব্যাটারকে কিভাবে বোলিং করা যায় সেটা চেষ্টা করেছি।’
কিংস্টনের উইকেটে ব্যাটারদের বিপদে ফেলতে নিজের পরিকল্পনার বিষয়ে ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার বলেন, ‘এই উইকেটে বেশি কিছু চেষ্টা না করে শুধু লাইন টু লাইন বোলিং করে ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে রান ছাড়া বোলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু করার চেষ্টা করে। আমি মনে করি, বোলারদের অত কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করাই ভালো।’
দলের অবস্থা নিয়ে রানার ভাষ্য, ‘অবশ্য এখন আমরা একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি টোটাল একটা ২৫০ এর উপরে যেতে পারি। চার নম্বর দিনে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে। উইকেটটা একটু অন্যরকম বাউন্স থাকবে, স্পিনারদের জন্য টার্ন থাকবে। সো ভালো কিছু আমরা একটা আশা করছি।’