জ্যামাইকা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:৪৬ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:৫২ এএম
আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেছেন টাইগার পেসার নাহিদ রানা। ছবি : বিসিবি
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে সফরকারী বাংলাদেশ। প্রথম দুই ইনিংসেই বোলারদের দাপট দেখানো পিচে চলছে ব্যাটারদের আধিপত্য। ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় দিনশেষে ২১১ রানে এগিয়ে আছেন টাইগাররা, হাতে আছে আরও ৫ উইকেট।
কিংস্টনের সাবিনা পার্কে বাংলাদেশের ১৬৪ রানের জবাবে শুক্রবার নাহিদ রানার বোলিং তোপে প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দিনশেষে ৫ উইকেটে ১৯৩ রান করেছে।
পরিসংখ্যান বলছে, ইতোমধ্যে জেতার মতো রান করে ফেলেছে বাংলাদেশ! কারণ জ্যামাইকার এ পিচে সর্বোচ্চ ২১২ রান তাড়া করে সফল হওয়ার রেকর্ড আছে। মানে ওয়েস্ট ইন্ডিজকে এ ম্যাচ জিততে হলে নতুন রেকর্ড গড়তে হবে। চতুর্থ ইনিংসে যা কষ্টসাধ্যই বটে।
গতকাল ১৪ উইকেট পড়ার দিনে দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। ১ উইকেটে ৭০ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সেশনে মাত্র ১৪৬ রানে অলআউট ক্যারিবীয়রা। ৬১ রানে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন নাহিদ রানা। তাতে ১৮ রানের লিড পায় সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ৩৯ রানে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন নাহিদ। দুর্দান্ত বোলিং ধরে রেখে প্রথম সেশনে আরও ৩ উইকেট নেন তিনি। ৮ উইকেটে ১৩৫ রানে লাঞ্চে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি ২ উইকেট তারা হারায় আরও ১১ রান করে। উইন্ডিজের পক্ষে কিসি কার্টি করেন সর্বোচ্চ ৪০ রান। শেষ আট ব্যাটারের সবাই ১ অঙ্কের ঘরেই থেমেছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই মাহমুদুল হাসান জয় ডাক মারেন। তারপর সাদমান ইসলামের সঙ্গে শাহাদাত হোসেন দিপু ৪৭ জুটি গড়েন। তবে ২৬ বলে ২৮ রান করে আউট হয়ে যান দিপু। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন সাদমান।
প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান সাদমান সর্বোচ্চ ৪৬ রান করেন। ৪২ রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ সেশনে লিটন দাসের সঙ্গে জাকের আলীর ৪১ রানের জুটিতে শক্ত অবস্থান নেয় বাংলাদেশ। শেষবেলায় লিটন ফিরলেও জাকের আলী ও তাইজুল ইসলাম অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেন।
সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)
বাংলাদেশ : ১৬৪/১০ ও ৪১.৪ ওভারে ১৯৩/৫ (তাইজুল ৯*, জাকের ২৯*, লিটন ২৫, মিরাজ ৪২, সাদমান ৪৬, দিপু ২৮, জয় ০)
ওয়েস্ট ইন্ডিজ : ১৪৬/১০ (সিলস ৮*, রোচ ৮, শামার ৫, আলজারি ৭, কার্টি ৪০, ডা সিলভা ৫, গ্রিভস ২, আথানেজ ২, হজ ৩, ব্র্যাথওয়েট ৩৯, লুইস ১২)।