× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিটির পরাজয়ে গার্দিওলাকে দুয়ো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

সিটির পরাজয়ে গার্দিওলাকে দুয়ো

অ্যানফিল্ড প্রতিপক্ষের জন্য যম-মূর্তিমান আতঙ্ক। গতরাতে ভয়কে জয় করতে গিয়েছিলেন পেপ গার্দিওলারা। কিন্তু লিভারপুলের কাছে হতাশ হয়েই ফিরতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। দ্য রেডসদের কাছে ২-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। পরাজয়ের পর স্বাগতিক দর্শকদের দুয়োর মুখে পড়তে হয় সিটি কোচকে। তেতে থাকা গার্দিওলাও দুই হাতের ছয় আঙুল উঁচিয়ে জবাব দেন তাদের।

প্রিমিয়ার লিগে টিকে থাকার দৌড়ে এদিন খুব একটা নিজেদের মেলে ধরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। অল রেডরা শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ে ২-এর আর্সেনাল থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল। অন্যদিকে প্রিমিয়ার লিগে টানা চার হারসহ সবশেষ সাত ম্যাচের ছয়টিতে হারল সিটিজেনরা। হাতের তালুর মতো চেনা ঘরের মাঠ সিটিকে পেয়ে আক্রমণের পসরা সাজিয়েছিল লিভারপুল। এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি তারা। ম্যাচ ঘড়ির ১২ মিনিটে গোল করেন কোডি গ্যাপকো। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা করে ম্যানসিটি। তবে লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭৮ মিনিটে গোলকিপার স্টেফান ওর্তেগার ভুলের পর পেনাল্টি থেকে গোল আদায় করেন মোহাম্মদ সালাহ। হারটাও বড় ব্যবধানেই দেখেন গার্দিওলার শিষ্যরা।

পরাজয়ের পর লিভারপুলের কাছে হারের পর স্বাগতিক দর্শকের দুয়োর মুখে পড়তে হয় গার্দিওলাকে। লিভারপুল সমর্থকেরা যখন ‘সকালেই (আজ) তুমি ছাঁটাই হবে’ বলে গান ধরেন, তেতে থাকা গার্দিওলা দুই হাতের ছয় আঙুল উঁচিয়ে জবাব দেন লিভারপুল সমর্থকদের। ৬ আঙুল দেখিয়ে প্রিমিয়ার লিগে নিজের ৬ শিরোপা জয়ের কথাই ‘অল রেড’ সমর্থকদের মনে করিয়ে দিতে চেয়েছিলেন গার্দিওলা।

কাটা ঘায়ে নুনের ছিটার মতো ছিল যেন লিভারপুল সমর্থকদের ওই স্লোগান। এমনিতে আরও ম্যাচ হারলেও ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করার সামান্যতম সম্ভাবনাও নেই। কোচ নিজেও তা জানেন। কিন্তু অ্যানফিল্ডে দর্শকদের এমন আচরণ তাকে অবাক করেছে। তিনি বলেন, ‘আশা করিনি, তারা এ রকম স্লোগান দেবে। হয়তো বরখাস্ত হওয়াই আমার প্রাপ্য। তাদের কাছ থেকে এমন কিছু আশা করিনি। তবে সমস্যা নেই। এসব খেলারই অংশ। আমরা জিতলে আমরা হাসব, আমরা হারলে তারা হাসবে, এসবই স্বাভাবিক এবং মেনে নিতেই হবে। অসাধারণ সব লড়াই আমরা লড়েছি। তাদের জন্য আমার সম্মান আছে।’

এই বাজে সময়টাই কোচকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে। তিনি বলেন, ‘আমি যখন বিপদে পড়েছি, আমার বাবা-মা তো আমাকে ছেড়ে যাননি। সব সময় পাশে ছিলেন। এই ক্লাব নিয়েও একই রকম অনুভূতি আমার। এই ফুটবলারদের পাশে থাকতে চাই। যখন অনুভব করব যে কাজটা করতে পারছি না, ক্লাবের সঙ্গে তখন কথা বলব। তবে নিজের করণীয় জানা আছে আমার। জীবন সব সময় নিখুঁত নয়। আমরা যতটা শক্তিশালী ছিলাম, এখন আর ততটা নেই। এটাই বাস্তব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা