যুব এশিয়া কাপ হকি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ০০:৫৪ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ০১:১৫ এএম
যুব এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এ ড্রয়ে চার ম্যাচে পাঁচ পয়েন্টের পুঁজি নিয়ে 'বি' গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ।
ওমানের মাসকটে নাটকীয় ম্যাচ শেষ হওয়ার চার সেকেন্ড আগে চীন পেনাল্টি কর্নার পায়। সেই পেনাল্টি কর্নার থেকে প্রতিপক্ষ বাংলাদেশের জালে বল পাঠায়। জয়ের উল্লাসে মেতে ওঠেন চাইনিজ খেলোয়াড়রা।
বাংলাদেশের খেলোয়াড়রা গোলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আম্পায়াররা গোলের সিদ্ধান্ত নিয়েও পরে বাতিল করেন। ম্যাচ অমীমাংসিত থেকে যাওয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা তখন উল্লাসে মাতেন।
গোল বাতিল করায় আপত্তি করে বসে এবার চীন। খেলা শেষে কয়েক মিনিট চীনের খেলোয়াড়রা মাঠে ঠাঁয় দাঁড়িয়ে থাকেন। টুর্নামেন্টের পরিচালক ও আম্পায়ার ম্যানেজাররা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামেন। তারা আলোচনা-পর্যালোচনা শেষে চীনের গোলটি বাতিল বলেই রায় দেন। তাতে হাফ ছেড়ে বাঁচে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ গ্রুপে তৃতীয় হওয়ায় ক্রস পদ্ধতিতে আগামী পরশু 'এ' গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের বিপক্ষে লড়বে। থাইল্যান্ডকে হারাতে পারলেই বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট কাটবে। পূরণ হবে স্বপ্ন।
ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের কোচ মওদুদুর রহমান শুভ বলেন, 'তাদের পেনাল্টি কর্নার থেকে গোলটি সঠিকভাবে নেওয়া হয়নি। আমাদের প্রতিবাদে গোল বাতিল হয়েছে। আমরা এখন থাইল্যান্ডকে পরের ম্যাচে হারাতে পারলে পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য খেলব। ফলে পরের বছর যুব বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে।'