চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১২:২৬ পিএম
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি৷ কিন্তু দেশটিতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। সবশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দাবি তাদের। অনুমিতভাবেই হাইব্রিড মডেল মেনে নিতে যাচ্ছে পাকিস্তান। তবে এক্ষেত্রে আইসিসিকে জুড়ে দিচ্ছে কঠিন এক শর্ত। ভারত যেমনি পাকিস্তানে এসে খেলছে না, তেমনি ভবিষ্যতে পাকিস্তানও ভারতের মাটিতে গিয়ে খেলবে না। ভারতের আয়োজিত টুর্নামেন্টেও তাই হতে হবে হাইব্রিড মডেল- এই শর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে রাজি হয়েছে পাকিস্তান।
ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো আসরের ক্ষেত্রে হাইব্রিড মডেল আইসিসি মানবে কি না তা অবশ্য ভাববার বিষয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা এখনও অবসান হয়নি। ভারত আয়োজক হওয়ার ক্ষেত্রে হাইব্রিড মডেল আরোপ ছাড়াও আরও দুটি শর্ত দিয়েছে পাকিস্তান। তার একটি হলো- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে সেমিফাইনাল ও ফাইনাল হবে পাকিস্তানেই। এছাড়া পাকিস্তানের বাইরের যে ভেন্যুতে ভারতের ম্যাচ হবে, সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ দলগুলোকে 'পাকিস্তানের সমমানের নিরাপত্তা' নিশ্চিত করতে হবে আইসিসিকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সংবাদমাধ্যমকে বলেন, ‘এ মুহূর্তে অনেক ধরনের আলচনাই হচ্ছে। আমি যা বলেছি তাতে বিষয়টা আরও ঘোলা হওয়ার কথা নয়। আমরা আমাদের অবস্থান জানিয়েছি, ভারত তাদেরটা জানিয়েছে। দুই পক্ষই নিজেদের পক্ষে সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। ক্রিকেট যেন দিনশেষে জয়ী হয় সেটা নিশ্চিত করা সবচেয়ে জরুরী।’
ভারতে খেলা হলে সেখানেও হাইব্রিড মডেল রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটের জন্য যে সিদ্ধান্ত ভালো আমরা সেটাই নিব। পাকিস্তানের সম্মানও যাতে রক্ষা হয়। দুই পক্ষের জন্যই যাতে সমান থাকে। আমি চেষ্টা করছি একতরফা ব্যাপারটার অবসান ঘটাতে। ভারতে যখন খেলতে যাই, তারা তো এভাবে খেলে না। সমতা নিশ্চিত করতে হবে।’
আইসিসি পাকিস্তানের এসব শর্তে কী সিদ্ধান্ত জানায়, তার ওপর নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তার অবসান কত দ্রুত হচ্ছে। হাইব্রিড মডেলের ক্ষেত্রে পাকিস্তানের পাশাপাশি ভেন্যুর মর্যাদা পাবে সংযুক্ত আরব আমিরাত। ভারত-পাকিস্তান ম্যাচসহ ভারতের বাকি সব ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হতে পারে আরব আমিরাতের ভেন্যুগুলোতে। এখন আইসিসি কোন পথে হাঁটে সেটাই দেখার বিষয়।